গোটশে ফাইনালের'ভিন্নমাত্রা', বললেন মুলার

মারিও গোটশের দলবদল এবারের চ্যাম্পিয়নস লিগের ‘অল জার্মান’ ফাইনালে ভিন্নমাত্রা যোগ করেছে। ব্যাপারটি স্বীকার করেছেন বায়ার্ন মিউনিখ তারকা থমাস মুলার। আগামী মৌসুমে মারিও গোটশে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে নাম লেখাতে যাচ্ছেন বায়ার্ন মিউনিখে। তবে এর আগে বরুসিয়ার হয়ে তাঁকে নামতে হবে তাঁর নতুন ক্লাবের বিপক্ষে, চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মহা রণে।
গোটশে বরুসিয়া সমর্থকদের হতভম্ব করে দিয়ে ক্লাব ছাড়ার ঘোষণা দেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচের আগে। পুরো বিষয়টি হতাশ করে বরুসিয়া ডর্টমুন্ড কর্তৃপক্ষকেও। গোটশের ক্লাব ছাড়ার ঘোষণাটি যে সময়োপযোগী ছিল না, সেটা তুলে ধরেছে অনেক গণমাধ্যমই।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন-ডর্টমুন্ড মুখোমুখি হওয়ায় গোটশের দলবদলের ঘোষণাটি যে বিবিধ মাত্রা পেয়েছে, এ কথা বলে দেওয়াই যায়।
থমাস মুলার অবশ্য গোটশের সতীর্থ হওয়ার জন্য রীতিমতো মুখিয়েই আছেন। ‘আমি গোটশেকে খুবই পছন্দ করি। ও দারুণ একজন খেলোয়াড়। আমি নিশ্চিত গোটশের দলবদলের ঘোষণাটি চ্যাম্পিয়নস লিগের “অল জার্মান” ফাইনালটিতে ভিন্ন মাত্রা যোগ করবে।’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন মুলার।
তিনি বলেন, ‘এমনিতেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ভিন্নমাত্রার। আমি খেলায় ভিন্নমাত্রা পছন্দ করি। আমি প্রতিদ্বন্দ্বিতা ও খেলার ঝাঁজালো ব্যাপারটির খুব ভক্ত। ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড থাকায় প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজালো ব্যাপারটি আরও মূর্ত হয়ে ফুটে উঠবে।’
গতবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু এক গোলে এগিয়ে থেকেও ম্যাচের শেষ দিকে গোল খেয়ে খেলাটিকে টাইব্রেকারে টেনে নিয়ে যায় তারা। আখেরে অবশ্য টাইব্রেকারের লটারিতে দুঃখজনক পরাজয়কে সঙ্গী করতে হয়েছিল বেভারিয়ানদের। তিন বছর আগেও ফাইনালে উঠে ইন্টার মিলানের কাছে হেরে যেতে হয়েছিল এই জার্মান জায়ান্টদের। ওই অভিজ্ঞতা থেকে মুলারের অভিমত, ‘এবার চাপটা ডর্টমুন্ডের চেয়ে বায়ার্নের ওপরই বেশি থাকবে।’
মুলার বলেন, ‘এবার আমাদের জিততেই হবে। এবার না জিতলে “পরাজিতদের দল” হিসেবে আমরা পরিচিতি পেয়ে যাব। ওটা আমাদের জন্য সুবিচার হতে পারে না।’
তীরে এসে তরী ডোবার অভিজ্ঞতা আছে। ব্যাপারটি নিয়ে মনের মধ্যেও আছে খচখচানি। কিন্তু মাথা উঁচুই রাখতে চান মুলার। তিনি আশাবাদী হচ্ছেন মূলত বায়ার্ন মিউনিখের গত এক বছরের পারফরম্যান্সে। মুলার বলেন, ‘গত এক বছরের পারফরম্যান্সই বলছে, আমরা দল হিসেবে অনেক উন্নতি করেছি। অন্যের মাঠে আমরা ভালো খেলছি। এসব ব্যাপারই আমাকে এবার চ্যাম্পিয়নস লিগ জয়ের ব্যাপারে আশাবাদী করে তুলছে।’ সকারনেট।