গোটশে 'সমস্যা'র সমাধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিও গোটশে
মারিও গোটশে

আগামীকালের ফাইনালটি তাঁর জন্য হতো বড় পরীক্ষার এক মঞ্চ। পরীক্ষা আনুগত্যের! তাঁর ওপর আটকে থাকত হাজারো চোখ। ‘অস্বস্তিকর’ সেই অবস্থা থেকে মুক্তি পেয়ে গেলেন মারিও গোটশে। হ্যামস্ট্রিংয়ের চোট জার্মান মিডফিল্ডারকে খেলতে দিচ্ছে না ফাইনালটি।

বায়ার্ন মিউনিখের ওপর এমনিতেই অনেক রাগ বরুসিয়া ডর্টমুন্ডের। ডর্টমুন্ড কোচ তো বলেই বসেছেন বায়ার্ন তাদের ক্লাবটিকে ‘সুপার মার্কেট’ বানিয়ে বাজার-সওদা করছে। ঝামেলার শুরু গোটশেকে নিয়েই। মৌসুম শেষ হওয়ার আগেই ডর্টমুন্ডের সঙ্গে গোটশের চুক্তিভঙ্গ করে তাঁকে কিনে নিয়েছে বায়ার্ন। চুক্তি ভঙ্গ করতে বাই-আউট ক্লজের জন্য যে পরিমাণ টাকা দিতে হতো, সেই টাকা দিয়েই ডর্টমুন্ডের ইচ্ছার বিরুদ্ধে কিনে নিয়েছে তাঁকে। বায়ার্নের একরকম হয়েই যাওয়া গোটশে বায়ার্নের বিপক্ষেই খেলবেন চ্যাম্পিয়নস লিগের মতো মহা গুরুত্বপূর্ণ ফাইনাল—বিষয়টি নিয়ে কৌতূহল ছিল অনেকের। কিন্তু ‘সমস্যা’র সমাধান করে দিল অনাকাঙ্ক্ষিত চোট।

২০ বছর বয়সী গোটশে ৩০ এপ্রিল বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন। এরপর গত মঙ্গলবার মাত্র এক ঘণ্টার জন্য অনুশীলন করেছেন। তাতেই চোটটি আরও বেড়েছে। ডর্টমুন্ডের কাছে নিজের আনুগত্যের অগ্নিপরীক্ষা দিতে প্রস্তুত থাকা গোটশের জন্য এটা দুঃখজনকই। উঠতি তারকা নিজেই পরশু এর জন্য দুঃখ প্রকাশ করেছেন, ‘আমার লক্ষ্য ছিল ফাইনালে খেলা। এর জন্য গত কয়েক সপ্তাহে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলাম। আমি খুবই দুঃখিত যে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচটায় দলকে সাহায্য করতে পারলাম না। দলের ওপর অবশ্য আমার পূর্ণ আস্থা আছে। আমি  সাইডলাইন থেকে দলকে সমর্থন দেওয়ার জন্য লন্ডনে যাব।’ এএফপি।