অনিল কুম্বলের হাত থেকে ভারতের স্পিন আক্রমণের মশালটা নিয়েছেন অনেক আগেই। এবার ব্যাটিংয়েও পূর্বসূরিকে অনুসরণ করলেন হরভজন সিং। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দেড় যুগ কাটিয়ে দেওয়ার পর প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন কুম্বলে। ক্যারিয়ারের ১১৮তম টেস্টে ২০০৭ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১১০ রান। টেস্ট সেঞ্চুরির দেখা পেতে কুম্বলের চেয়ে বেশি অপেক্ষা করতে হয়নি আর কাউকেই। দেড় যুগ না হলেও হরভজনের লাগল এক যুগ, আহমেদাবাদ টেস্ট ছিল তাঁর ৮৮তম টেস্ট। এই দুজনের মাঝখানে আছেন একজন। টেস্ট ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটা চামিন্ডা ভাস পেয়েছিলেন ৯৭তম টেস্টে, ২০০৭ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন অপরাজিত ১০০। কুম্বলের আগে রেকর্ডটি ছিল ভাসেরই, আর ভাস কেড়ে নিয়েছিলেন জেসন গিলেস্পির কাছ থেকে। ২০০৬ সালে ক্যারিয়ারের ৭১তম টেস্টে নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নেমে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ২০১ করেছিলেন গিলেস্পি। লাভ তাতে কিছু হয়নি, ওটাই হয়ে থেকেছে তাঁর শেষ টেস্ট!