গোনাতেই ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল প্রথম আলোর প্রথম পাতায় ছাপা ছবিটা দেখেই খটকা লাগার কথা। সেখানে ক্ষণগণনার ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে, বিশ্বকাপের বাকি ১০০ দিন, ২৩ ঘণ্টা ৫৯ মিনিট ৫৭ সেকেন্ড। এ হিসাব মেনে গোনা শুরু করলে আগামী ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচ চলার সময়ও ডিসপ্লে বোর্ডগুলোর বলার কথা—খেলা শুরু হতে এখনো ঢের বাকি!কীভাবে? নিজেরা এই হিসাবটি করতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসপ্লে বোর্ড অনুসরণ করে উল্টো গুনতে থাকুন। গতকাল রাত ১১টায় সেখানে বাকি ছিল ১০০ দিন এক ঘণ্টা। সে হিসাবে আজ রাত ১১টায় বলতে হবে ৯৯ দিন এক ঘণ্টা বাকি। এভাবে গুনতে থাকলে ১৮ ফেব্রুয়ারি রাত ১১টায় বলতে হবে এক দিন এক ঘণ্টা বাকি। তবে এক ঘণ্টা পর ডিসপ্লে বোর্ডে সব ঘরে শূন্য দেখালে ব্যাপারটা বেখাপ্পা লাগবে না। বিসিবি বলতে পারে, রাত পেরোলে তো বাড়তি দিনটা চলেই যাবে। কিন্তু ডিজিটাল বোর্ডে যখন মিনিট-সেকেন্ডের হিসাব করা হচ্ছে সেখানে একটা দিনকে গায়েব করবেন কীভাবে?ফিরে যাওয়া যাক ক্ষণগণনা শুরুর ক্ষণটিতে। ভুলের শুরুটা তো সেখানেই। ১০০ দিনের ক্ষণগণনার শুরুটা করা উচিত ছিল ১০০ দিন শূন্য ঘণ্টা শূন্য মিনিট শূন্য সেকেন্ড থেকে। অথচ তা শুরু হয়েছে ১০১ দিন থেকে! তা না হলে বোতাম টেপা মাত্র ১০০ দিন ২৩ ঘণ্টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড দেখানো হলো কেন? ১০০ দিন থেকে ১ সেকেন্ড কমলেই তো ৯৯ দিন হয়ে যাওয়ার কথা।তাহলে এখন সমাধান কী? সমাধান হচ্ছে ডিজিটাল বোর্ডগুলোর দিনের ঘরে এক দিন কমিয়ে দেওয়া। আর ভবিষ্যতে এ ধরনের হিসাব-নিকাশের ব্যাপারে সতর্ক থাকা।