গোপন অস্ত্রে শান জিম্বাবুয়ের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ছয় বছর পর জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে আজ। গত ছয় বছরের মুখোমুখি পরিসংখ্যানে বাংলাদেশ তাদের প্রবল প্রতিপক্ষই বটে। হয়তো অনেকটা ফেবারিটও। কিন্তু সেগুলোতে ওয়ানডে ম্যাচের পরিসংখ্যানের বিচারে। টেস্টেও কি একই ব্যাপার ঘটবে? জিম্বাবুয়ে অন্তত তা মনে করে না। টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ে আজ বাংলাদেশকে কঠিন পরীক্ষাতে ফেলতেই বদ্ধপরিকর। তাই তারা বাংলাদেশের জন্য শান দিয়ে রাখছে তাদের কিছু গোপন অস্ত্রও।আজই জিম্বাবুয়ের পক্ষে ডেব্যু হয়ে যেতে পারে ২১ বছর বয়সী বাঁ-হাতি পেসার ব্রায়ান ভিটোরির। হারারের দ্রুতগতির উইকেটে এই পেসার তামিম, ইমরুল, আশরাফুল, নাফীস, সাকিবদের চমকে দিতে যথেষ্ট বলেই মনে করেন জিম্বাবুইয়ান টিম ম্যানেজমেন্ট।ভিটোরিকে নিয়ে উচ্ছ্বসিত পুরো জিম্বাবুয়ে দলই। কোচ অ্যালান বুচারতো বলেই ফেলেছেন, ‘ভিটোরিকে বিশ্বকাপ দলে না নিয়ে খুব ভুল হয়েছে!’গত বছর জিম্বাবুয়ের ঘরোয়া একটি প্রো-৪০ আসরে দারুণ বল করে ভিটোরি সবার নজর কেড়েছিলেন। ঘরের মাঠে বাংলাদেশ যদি নিত্য নতুন স্পিনার দিয়ে জিম্বাবুয়েকে চমকে দিতে পারে, তাহলে ভিটোরি হতে পারেন হারারের সিমিং কন্ডিশনে বাংলাদেশের জন্য ভালো রকম ‘সারপ্রাইজ প্যাকেজ’।ভিটোরির টেস্ট অভিষেকটা আজই হয়ে যাচ্ছে এ কথা লিখেছে বেশ কয়েকটি জিম্বাবুইয়ান পত্রিকাই। দেশটির শীর্ষস্থানীয় দৈনিক ডেইলি নিউজে ভিটোরির ডেব্যুর খবর পরিবেশন করা হয়েছে খুব কাব্যিক এক শিরোনামে ‘ভিটোরি, দ্য সিক্রেট ওয়েপন’ কাল হারারেতে সবার দৃষ্টিই ছিল এই তরুণ পেসারের দিকে। এখনো পর্যন্ত আন্তর্জাতিক ডেব্যু হয়নি, তবে ভিটোরির আজ নিজ দেশের পক্ষে অভিষেক হতে যাচ্ছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে। ছয় বছর স্বেচ্ছা নির্বাসনের পর আজই যে শুরু হতে যাচ্ছে টেস্ট জাতি হিসেবে জিম্বাবুয়ের নতুন করে পথ চলা। সাংবাদিকদের সামনে যথেষ্টই কেতা-দুরস্ত ছিলেন ভিটোরি। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘টেস্ট ক্রিকেট খেলা দারুণ একটি ব্যাপার। আমি সৌভাগ্যবান যে টেস্ট ক্রিকেট দিয়েই আমার আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে।’বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মেনেই ভিটোরি বলেছেন, ‘ছয় বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার উপলক্ষ্যটা স্মরণীয় করে রাখার জন্য আমাদের প্রস্তুতিটা নেহাতই মন্দ নয়।’মাঠের বাইরে ভিটোরির প্রস্তুতিটা ভালোই মনে হচ্ছে। মাঠে নেমে তামিম-ইমরুল-শাহরিয়ার নাফীসদের সামনে তিনি কি করেন, সেটাই কিন্তু আসল বিষয়!