গোপালগঞ্জ মাতিয়ে ঢাকায় সাইক্লিস্টরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ শহর থেকে বঙ্গবন্ধুর স্মৃতিধন্য টুঙ্গিপাড়ায় পৌঁছালেন সাইক্লিস্টরা। দর্শক অভিনন্দনও পেলেন তাঁরা l প্রথম আলো
গোপালগঞ্জ শহর থেকে বঙ্গবন্ধুর স্মৃতিধন্য টুঙ্গিপাড়ায় পৌঁছালেন সাইক্লিস্টরা। দর্শক অভিনন্দনও পেলেন তাঁরা l প্রথম আলো

প্রথম দিনে বাগেরহাট থেকে গোপালগঞ্জে এসেছিলেন ৪০ সাইক্লিস্ট। কাল তাঁরা গোপালগঞ্জ শহর থেকে কোটালীপাড়ার পয়সারহাট হয়ে টুঙ্গিপাড়ায় পর্যন্ত ৯৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।
ফরচুন ট্যুর ডি বাংলাদেশের এই পর্বের সেরা বিজিবির রিপন কুমার বিশ্বাস। সময় নিয়েছেন ২ ঘণ্টা ৪০ মিনিট। দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর আলমগীর হোসেন। তৃতীয় বিজিবির সিরাজুল ইসলাম।
বাংলাদেশে প্রথম হচ্ছে এই প্রতিযোগিতা এবং তা দর্শক মনোযোগ কেড়েছে অনেক। প্রথম দিন সকালে ঘন কুয়াশার মধ্যেও অনেকে এসেছেন উদ্বোধনী পর্ব দেখতে। কাল দ্বিতীয় দিনে রাস্তার দুই পাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়স ও পেশার অনেক দর্শক ভিড় জমান সাইক্লিং দেখতে। এর আগে এমন আয়োজন বাংলাদেশে হয়নি। এ কারণেই এটি নিয়ে এমন দর্শক আগ্রহ।
গত রাতেই ঢাকায় পৌঁছে গেছেন সাইক্লিস্টরা। আজ বিরতি। আগামীকাল সকাল আটটায় ঢাকার হাতিরঝিলে শুরু হবে শেষ দিনের প্রতিযোগিতা। গোটা হাতিরঝিলে ৭ চক্কর ঘুরবেন সাইক্লিস্টরা। এখানে তাঁরা পেরোবেন ৫৩ কিলোমিটার। সব কটি পর্ব মিলে সেরা সাইক্লিস্ট পাবেন ৩ লাখ টাকা পুরস্কার। রানারআপ ২ লাখ, তৃতীয় ১ লাখ। ৪-১০ পর্যন্ত ২৫ হাজার টাকা করে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষণা করছে এডিবল অয়েল বাংলাদেশ লিমিটেড।

 টুঙ্গিপাড়ায় কাল জাতির জনকের সমাধিসৌধের প্রধান ফটকের সামনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ আরও অনেকেই।