গোপালগঞ্জে জয়ে শুরু মুক্তিযোদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলকে রাজধানীর বাইরে নিয়ে যেতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ভূমিকাটা এবার দারুণ প্রশংসনীয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দলটি হোম ভেন্যু করেছে গোপালগঞ্জকে। সেই ভেন্যুর অভিষেক ম্যাচে কাল শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম ছিল দর্শকে টইটম্বুর।দর্শকদের কিছু ফিরিয়ে দেওয়ার তাগিদ ছিল মুক্তিযোদ্ধার। সেটা তারা কিছুটা হলেও পেরেছে। মাঠে দর্শক আসে ভালো ফুটবল দেখতে, সঙ্গে কিছু গোল থাকলে সোনায় সোহাগা। ম্যাচে গোল মাত্র একটি। বেশি গোল দেখার তৃষ্ণাটা থেকে গেলেও দর্শক মুক্তিযোদ্ধাকেই বিজয়ী দেখল। আরামবাগের বিপক্ষে তাদের জয়টা অবশ্য কষ্টার্জিত (১-০)। তবে খেলাটা ভালো হয়েছে।আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সুযোগ নষ্ট করায় একটির বেশি গোল পায়নি মুক্তিযোদ্ধা। ৩৩ মিনিটে ব্রাজিলিয়ান টাইসন ও নাইজেরিয়ান ডার্লিংটনের যুগলবন্দীতে এসেছে ম্যাচের একমাত্র গোলটি। টাইসনের পাসে বক্সের ওপর থেকে শটে গোল করেন ডার্লিংটন। টাইসনের খেলার প্রশংসা করেছেন মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম, ‘মাঠে আট-দশ হাজার দর্শক ছিল। এর মধ্যে হাজার পাঁচেক দর্শক প্রথম দিনেই টাইসনের ভক্ত বনে গেছে।’কাল ছিল গোপালগঞ্জের ক্রীড়াঙ্গনে স্মরণীয় দিন। স্থানীয় স্টেডিয়ামে সর্বশেষ ১৯৯০ সালে শেরেবাংলা কাপ হয়েছে। ২২ বছর পর বড় কোনো ম্যাচ হলো এই স্টেডিয়ামে। ফুটবলতৃষিত জনতা তাই কাল দলে দলে এসেছে মাঠে। কিন্তু গ্যালারির মাত্র একটা অংশে ছিল বসার ব্যবস্থা। বাকি তিন পাশে যে যেভাবে পেরেছে, একটু জায়গা করে খেলা দেখেছে।