গোপালগঞ্জে ভেন্যু থাকছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ স্টেডিয়ামের মাঠ ছোট—এমন অভিমতই দিয়েছিল বাফুফের ভেন্যু পরিদর্শক দল। কিন্তু মাঠ আসলে ছোট নয়, আন্তর্জাতিক মাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণই। এমনকি গোপালগঞ্জ স্টেডিয়ামের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠের সমান বলে দাবি করছে গোপালগঞ্জে নিজেদের ভেন্যু করা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র।
মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বলছেন, ‘গোপালগঞ্জ স্টেডিয়ামের মাঠ আগে একটু ছোট ছিল। কিন্তু তা বর্তমানে ১১৫ বাই ৭৫ গজ করা হয়েছে। এটা আন্তর্জাতিক মানের। এর চেয়ে বড় মাঠ হয় ১২০ বাই ৮০ গজ। এত বড় মাপের মাঠ বিশ্বে কমই আছে। ১১৫ বাই ৭৫ মাপ নিয়ে কোনোভাবেই আপত্তি তোলা যায় না।’
বাফুফে ওই মাঠ মেপে সামান্য ভগ্নাংশসহ ১০৫ বাই ৬৯ মিটার পেয়েছে। এটা গজে রূপান্তর করলে ১১৫ বাই ৭৫-ই হয়। কিন্তু মিটার আর গজকে এক করে ফেলায় তাত্ক্ষণিকভাবে বিষয়টা চোখ এড়িয়ে গেছে বাফুফে কর্তাদের। ভেন্যু দেখতে যাওয়া বাফুফের সহসভাপতি বাদল রায়ের কথা, ‘ইয়াহিয়া সাহেব (বঙ্গবন্ধু স্টেডিয়ামের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইয়াহিয়া) মাঠ মেপেছেন। ওই মাপটাই আমরা নিয়েছিলাম। তবে উনি পরে ভুলটা বুঝতে পেরেছেন। মাঠের মাপ আন্তর্জাতিক মানেই আছে। ওখানে মাঠ এবং গ্যালারির মাঝখানে জায়গা সামান্য। এ ছাড়া তেমন সমস্যা নেই।’
গোপালগঞ্জ স্টেডিয়ামে তো তাহলে বাংলাদেশ লিগের খেলা হতে সমস্যা নেই! শফিকুল ইসলাম তাই বলেছেন, ‘আমরা দ্রুত আমাদের ভেন্যুতে খেলতে চাই।’ খেলা দিতে আপত্তি নেই লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদীরও, ‘গোপালগঞ্জে মাঠের মাপ যেহেতু ঠিকঠাকই আছে, তাই খেলা হতে সমস্যা নেই। টুকটাক কিছু কাজ করে ওখানে আমরা খেলা দেব।’
কিন্তু কবে? মুক্তিযোদ্ধা ঢাকার বাইরে হোম ভেন্যু করে এখন হোম ম্যাচ ঢাকায় খেলছে। এমন হলে ঢাকার বাইরে কোনো দলের ভেন্যু রাখার উত্সাহই তো থাকবে না।