গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার প্রথম হার
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামটাকে এত দিন পয়া হিসেবেই ভাবতে শুরু করেছিল মুক্তিযোদ্ধা। নিজেদের ভেন্যুতে জয় নয়তো ড্র—এটাই লেখা থাকত মুক্তিযোদ্ধার নামের পাশে। এই মাঠেই মোহামেডানকে হারিয়েছে ৪-১ গোলে। বিজেএমসি, আবাহনী ও ব্রাদার্সের সঙ্গে ড্র করেছে। কিন্তু কাল গোপালগঞ্জে প্রথম হারের স্বাদ পেল মুক্তিযোদ্ধা। শেখ জামাল ধানমন্ডি ২-০ গোলে হারিয়েছে তাদের। এই জয়ে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠল শেখ জামাল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মুক্তিযোদ্ধা।ম্যাচের ২৭ মিনিটে ইমানুয়েল করেন প্রথম গোল। পরের মিনিটেই সানডের গোলে ব্যবধান দ্বিগুণ হয় শেখ জামালের। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া মুক্তিযোদ্ধা কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করে। তবে অতিরিক্ত সময়ে মুক্তিযোদ্ধার গোলরক্ষক জিয়াকে একা পেয়েও গোল করতে পারেননি সানডে।কাল মাঠে খেলা দেখতে হাজির ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। স্মৃতি হাতড়ে তিনি ফিরে যান ১৯৭৮ সালে। সেবারই প্রথম খেলোয়াড় হিসেবে গোপালগঞ্জ এসেছিলেন। সালাউদ্দিনকে দেখে উচ্ছ্বসিত ছিল দর্শক। স্টেডিয়ামের বাইরে তখন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চলছিল সমাবেশ। গ্যালারিতে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবি ওঠে।