গোমেজের রাতে ইন্টারের কান্না
বায়ার্ন ৭: ০ বাসেল(দুই লেগ মিলিয়ে বায়ার্ন ৭-১ গোলে জয়ী)ইন্টার ২: ১ মার্শেই(দুই লেগ মিলিয়ে ২-২, অ্যাওয়ে গোলে মার্শেই জয়ী)লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল-বিশ্ব যেন বুঁদ হয়ে আছে এই দুজনের মধ্যেই। মারিও গোমেজ মুখ গোমড়া করতেই পারেন। দুই মৌসুম ধরে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন তিনিও। অথচ আলোটা সেভাবে তাঁর ওপর পড়ে না। মেসি-রোনালদোর ঔজ্জ্বল্যের পাশে তিনি যেন মিটিমিটি প্রদীপ।নিজেকে শিরোনামে নিয়ে আসার কাজটা ভালোমতোই করলেন। একসময় তো মনে হচ্ছিল মাত্রই কদিন আগে গড়া মেসির কীর্তিটাও ছুঁয়ে ফেলবেন। ৪৪ থেকে ৬৭—এই ২৩ মিনিটের মধ্যে করেছেন চার-চারটি গোল। শেষের মিনিট পঁচিশেক সময়ে আর একটি গোল করলেই চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে মেসির পর মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচ পাঁচ গোল হয়ে যেত।তা হয়নি। তবে বাসেল-রূপকথার ইতি টেনে দিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে দিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে আসা সুইস ক্লাবটি বায়ার্নকেও প্রথম লেগে হারিয়েছিল ১-০ গোলে। কোনোমতে ম্যাচটা ড্র করতে পারলেই তারা উঠে যাবে কোয়ার্টার ফাইনালে—এই ছিল সমীকরণ। এ কারণেই হয়তো প্রথমবারের মতো নিজেদের আসল খেলাটা ভুলে রক্ষণাত্মক হয়ে গেল বাসেল। আর তাতেই সর্বনাশ। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল বায়ার্ন। নিজেদের মাঠে বাসেলকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল ২০১০ চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্টরা।ওই আসরেরই চ্যাম্পিয়ন ইন্টার মিলানের কিন্তু সেই সৌভাগ্য হয়নি। বরং দুর্ভাগ্যেই কাটা পড়েছে তারা। প্রথম লেগে মার্শেইয়ের কাছে ১-০ গোলে হেরে আসা ইন্টারের দরকার ছিল ২-০ গোলের জয়। সান সিরোতে শেষ ২০ মিনিটে হয়ে গেল জমজমাট নাটক। ৭৫ মিনিটে ডিয়েগো মিলিতোর গোলে এগিয়ে গেল ইন্টার। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতা ফিরিয়ে আনল মার্শেই। গোলগড়ে ২-১-এ এগিয়ে মার্শেই। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে আরেকটি গোল পেল ইতালির ক্লাবটি। কিন্তু আর সময় পেল না ক্লদিও রানিয়েরির দল। গোলগড়ে ২-২ সমতা থাকলেও অ্যাওয়ে গোলের সুবাদে ইন্টারকে বিদায় করে দিল ফরাসি ক্লাবটি। ১৯৯৩ সালে চ্যাম্পিয়নস লিগ জেতার পর এই প্রথম শেষ আটে উঠল মার্শেই।দুঃসময় যাচ্ছে ইন্টারের। তবে এভাবে নাটকীয়তার মধ্য দিয়ে বিদায় নেওয়াটাকেই নিজের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা বলছেন রানিয়েরি, ‘এটাই আমার সবচেয়ে অপ্রীতিকর অভিজ্ঞতা। কারণ এত লড়াই, এত চেষ্টা, সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়া, সাধ্যাতীত চেষ্টা করা, ১৮০ মিনিটে বেশি সুযোগ তৈরি করেও আমরা হেরে গেলাম, বিদায় নিলাম।’বায়ার্ন শিবিরে ঠিক উল্টো ছবি। লিগে আগের ম্যাচেই হফেনহেইমকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল বায়ার্ন, যেন পূর্বাভাস দিয়েছিল এমন একটা ঝড়েরই। চার দিন পরেই আবারও প্রতিপক্ষের গোলে ৭ গোল! বাকি তিন গোলের দুটি আরিয়েন রোবেন আর একটি টমাস মুলারের। এই মৌসুমে গোমেজের এটি পঞ্চম হ্যাটট্রিক। গত মৌসুমে ৪৫ ম্যাচে ৩৯ গোল করা এই জার্মান স্ট্রাইকার এই মৌসুমে ৩৬ ম্যাচে করেছেন ৩৪ গোল। চ্যাম্পিয়নস লিগেও মেসিকে ধরেই ফেলেছেন প্রায়। মেসির গোল ১২টি, গোমেজের ১০। এএফপি, রয়টার্স।