
প্রশ্ন: অভিনন্দন আপনাকে। ফিফা ব্যালন ডি’অর গ্রহণ করার সময় আপনাকে খুব আবেগাক্রান্ত লাগছিল। যখন বিজয়ী হিসেবে আপনার নামটা শুনতে পেলেন তখন কেমন লেগেছে? পেলে আর মিশেল প্লাতিনির মতো কিংবদন্তিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার অভিজ্ঞতাটা কেমন?
রোনালদো: আমি খুবই গর্বিত আর আনন্দিত বোধ করেছি যখন উপলব্ধি করেছি যে পুরস্কারটা আমিই পাচ্ছি। এ ধরনের একটা পুরস্কার জেতার জন্য অনেক দৃঢ় সংকল্প আর কঠোর পরিশ্রম করতে হয়। আর এটা অনেক দিন ধরে করা কঠোর পরিশ্রমের ফসল। আমি সত্যিই ব্যালন ডি’অরটা দ্বিতীয়বারের মতো জিততে চেয়েছিলাম। আর সেটা পেলে আর প্লাতিনির মতো কিংবদন্তিদের কাছ থেকে পাওয়াটা সত্যিই একটা মর্যাদার ব্যাপার। এখন আমি আশা করছি, আগামী বছরেও এ কাজটা করতে পারব আর তৃতীয়বারের মতো এই পুরস্কারটা জিততে পারব।
প্রশ্ন: এই পুরস্কার জয়ের পাশাপাশি ২০১৩ সালে আপনি ক্যারিয়ারের কিছু অসাধারণ মুহূর্ত পার করেছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখ করবেন কোনটার কথা?
রোনালদো: সবকিছুর মধ্য থেকে কোনো নির্দিষ্ট একটা ঘটনাকে খুঁজে বের করতে পারব কি না, জানি না। আসলে হ্যাঁ...বিশ্বকাপে জায়গা করে নিতে পারাটাই আমি সব থেকে বেশি মনে রাখব আর এটাই আমার জন্য সবচেয়ে আবেগপূর্ণ ব্যাপার।
প্রশ্ন: সম্প্রতি আপনি স্পর্শ করেছেন পেশাদারি ক্যারিয়ারে ৪০০ গোলের মাইলফলক। এটাকে কি আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলবেন? কেন?
রোনালদো: প্রতিটা গোলই আমার জন্য বিশেষ কিছু। অবশ্যই কিছু গোলের গুরুত্ব অন্যগুলোর চেয়ে বেশি থাকে। যেমন—যে গোলগুলো কোনো চূড়ান্ত প্রতিযোগিতা বা ফাইনালে করা হয়। তার পরও আমার জন্য অন্তত সবগুলোই গুরুত্বপূর্ণ। আমি গোল করতে পছন্দ করি আর আমাদের শিরোপা জয়ের ক্ষেত্রে অবদান রাখলে সেগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
প্রশ্ন: পর্তুগিজ ফুটবলে সম্প্রতি কেটেছে খুবই আবেগাক্রান্ত সময়। একদিকে জাতীয় দল নিশ্চিত করেছে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্ব। আর অন্যদিকে আপনার সতীর্থরা সম্প্রতি হারিয়েছে ফুটবল কিংবদন্তি ইউসেবিওকে।
রোনালদো: এটা আমার জন্য খুবই দুঃখের ব্যাপার। আমরা এমন একজনকে হারিয়েছে, যিনি পর্তুগালের জন্য ছিলেন খুবই গুরুত্বপূর্ণ। তিনি সত্যিকার অর্থেই ছিলেন পর্তুগালের একজন যথার্থ পতাকাবাহী। কাজেই এটা স্বাভাবিক যে আমার সতীর্থরা গভীরভাবে বেদনাক্রান্ত। কিন্তু এটাও জীবনেরই অংশ আর আমাদের তা ভুললে চলবে না। আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব, এ কারণেই আমাদের পেছন ফিরে তাকানো উচিত আর গত বছরে ঘটা ইতিবাচক ব্যাপারগুলোকে গ্রহণ করা উচিত। একই কথা ইউসেবিওর জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি ছিলেন সত্যিকারের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি অনেক ইতিবাচক অধ্যায় পার করেছেন। অনেক অনেক শিরোপা জিতেছেন। জাতীয় দল, ক্লাব, বিশেষভাবে বেনফিকার হয়ে। তিনি এমন একজন মানুষ, যার স্মৃতি আমাদের মনে আজীবন থাকবে।
প্রশ্ন: পর্তুগাল যদি এবারের বিশ্বকাপ মিশনে ভালো পারফরম্যান্স দেখাতে পারে, তাহলে সেটাই তাঁকে শ্রদ্ধা জানানোর সবচেয়ে ভালো উপায় হবে, তাই নয় কি?
রোনালদো: আমরা একটা সফল বিশ্বকাপ মিশনের আশাই করছি, কিন্তু এটাও ভুললে চলবে না যে, বাছাইপর্বের বাধা পেরিয়ে আসাটা আমাদের জন্য খুবই কঠিন ছিল। প্লে-অফ ম্যাচে আমাদের খেলতে হয়েছে সুইডেনের বিপক্ষে। সেই দুইটা ম্যাচ খুবই জটিল আকার ধারণ করেছিল। কিন্তু অবশ্যই বিশ্বকাপে আমাদের জন্য চ্যালেঞ্জটা থাকবে একেবারেই অন্যরকমের। আর আমরা সে জন্য প্রস্তুতও হব ভিন্নভাবে। আমরা সত্যিই বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি। এর একটা অন্যতম কারণ এবার বিশ্বকাপটা ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে। এখানেই এই খেলাটা সবচেয়ে বেশি খেলা হয়। এসব কারণে বিশ্বকাপে খেলতে পারাটা সত্যিই সম্মানের ব্যাপার। আমরা জানি, এটা খুবই কঠিন একটা প্রতিযোগিতা। আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে গ্রুপ পর্বের বাধা পার হওয়া, তারপর কী হবে—সেটা দেখা যাবে।
প্রশ্ন: বিশ্বকাপ নিয়ে আপনার একদম প্রথম দিককার স্মৃতি কোনটা?
রোনালদো: এটা বলা খুব কঠিন। কারণ, সেগুলো অনেক বছর আগের ঘটনা। ব্রাজিলের কিছু ম্যাচের কথাই আমার ভালোভাবে মনে আছে।
প্রশ্ন: আপনি খেলা শুরু করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। আর এখন খেলছেন রিয়াল মাদ্রিদে। ক্লাব ফুটবল কি আগের চেয়ে অনেক বৃহত্ আকার ধারণ করেছে বা এর চাহিদা কি আরও বেড়েছে?
রোনালদো: আমার মতে, আমরা কথা বলছি বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাব নিয়ে। আর অবশ্যই এটা আমার জন্য খুবই গৌরবের ব্যাপার। ইউনাইটেডের হয়ে খেলার সময় আমি প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলাম। আর এখন আমি খেলছি রিয়াল মাদ্রিদে, যেটা বিশ্বের অন্যতম বড় ক্লাব আর এর সঙ্গে আমি খুবই সুদৃঢ়ভাবে জড়িয়ে আছি। আমি এখানে আছি চার বছর ধরে। কিছুদিন আগে নতুন করে আরও পাঁচ বছরের জন্য চুক্তিও করেছি। কারণ আমি মনে করি এটাই আমার জন্য সবচেয়ে আদর্শ ক্লাব। আর এ জন্যই আমি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পেরে খুব খুশি।
প্রশ্ন: দশমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে রিয়াল মাদ্রিদ। ‘লা ডেসিমা’র জন্য এই আকুলতা কি চাপ তৈরি করছে?
রোনালদো: হ্যাঁ, এটা কিছু চাপ তো তৈরি করছেই, কিন্তু সেই সঙ্গে এটা অনেক উত্তেজনাও তৈরি করছে। প্রতিবছরই রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ জয়ের লড়াইয়ে শামিল হয়। এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আর এখানে অংশ নেওয়া সব দলই এটা জিততে চায়। দেখা যাক এবার ভাগ্য আমাদের সঙ্গে থাকে কি না আর ‘লা ডেসিমা’ আমরা জিততে পারি কি না।
প্রশ্ন: এই সময়ের পেশাদার ফুটবলাররা আপনাকে অনেক উঁচু আসনে বসান। কিন্তু আপনি বিশেষভাবে কাকে শ্রদ্ধা করেন?
রোনালদো: আমি শুধু কোনো একজনের নাম বলব না। কিন্তু এই মুহূর্তে প্রতিটা দলেই অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। মাদ্রিদে যারা আমার সঙ্গে খেলছে, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটিসহ অন্য ক্লাবগুলোতে অনেক ভালো খেলোয়াড় আছে। সেরা খেলোয়াড়দের নতুন একটা প্রজন্ম দেখতে পাওয়া, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাটা খুবই দারুণ ব্যাপার। এটা ফুটবল খেলার জন্যও খুব ভালো ব্যাপার। আমি নির্দিষ্টভাবে একজনকে বেছে নেব না। কারণ এমন অনেক খেলোয়াড় আছে, যাদের খেলা দেখতে ও তাদের বিপক্ষে খেলতে আমি খুবই পছন্দ করি।