১৫ সেপ্টেম্বর কিউপিআরের বিপক্ষে ইউনাইটেডের তৃতীয় গোলটি করেছিলেন ওয়েইন রুনি। প্রিমিয়ার লিগে সেটি ছিল তাঁর ১৭৫তম গোল। ওই গোলেই ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছিলেন ইউনাইটেড স্ট্রাইকার, ছুঁয়েছিলেন থিয়েরি অঁরিকে। কাল ওয়েস্ট হামের বিপক্ষে গোল করে আর্সেনালের ফরাসি স্ট্রাইকারকে ছাড়িয়ে তৃতীয় স্থানটা শুধুই নিজের করে নিলেন রুনি। প্রিমিয়ার লিগে রুনির চেয়ে বেশি গোল করেছেন শুধু অ্যান্ডি কোল (১৮৭) ও অ্যালান শিয়ারার (২৬০)। প্রিমিয়ার লিগ যুগের আগে তৎকালীন প্রথম বিভাগেও ২৩টি গোল করেছিলেন শিয়ারার। সব মিলিয়ে ২৮৩ গোল নিয়ে ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শিয়ারারের অবস্থান পাঁচে। ১৯৫৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ৩৫৭ গোল করে সবার ওপরে জিমি গ্রিভস। গ্রিভস ও শিয়ারারের মাঝে আছেন স্টিভ ব্লুমার (৩১৭), ডিক্সি ডিন (৩১০) ও গর্ডন হজসন (২৮৭)।