গোল আসবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্জিও আগুয়েরো
সার্জিও আগুয়েরো

লিওনেল মেসি যে দলের সদস্য, পাদপ্রদীপের আলো স্বাভাবিকভাবেই কম থাকবে অন্যদের ওপর৷ তার পরও বিশ্বকাপে মেসি-হিগুয়েইনদের পাশাপাশি গোলের জন্য সার্জিও আগুয়েরোর দিকেও তাকিয়ে থাকবে আর্জেন্টিনা।

বয়স, বেড়ে ওঠা সবকিছুই মেসির কাছাকাছি। মেসি যখন বার্সেলোনার হয়ে নিজেকে চেনাতে শুরু করেছেন, আগুয়েরো-ফুল তখন ফুটতে শুরু অ্যাটলেটিকো মাদ্রিদে। ২০০৬ বিশ্বকাপে মেসি গোল পেলেন, তত দিনেও আগুয়েরোর জাতীয় দলে অভিষেক হয়নি। পরের বছরেই আর্জেন্টিনাকে ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ জিতিয়েছেন আগুয়েরো। ছয়টি গোল করে গোল্ডেন বুটের পাশাপাশি গোল্ডেন বলও নিজের করে নেন।

এরপর মেসি নিজেকে যতটা উচ্চতায় নিয়ে গেছেন, আগুয়েরোর পক্ষে তা সম্ভব হয়নি৷ সব রেকর্ড মেসির পায়ে লুটিয়ে পড়েছে, টানা চারবার পেয়েছেন ফিফা ব্যালন ডি’অর। মেসির সঙ্গে একই সারিতে বসার স্বপ্ন দেখেন কখনো? আগুয়েরোর রসবোধ দারুণ, ‘আমি তো মেসির মতো হওয়ার স্বপ্ন দেখি না, সে–ই আমার মতো হওয়ার স্বপ্ন দেখে! আশা করছি, একদিন বিশ্বসেরা খেলোয়াড় হব৷’

সে লক্ষ্যেই অ্যাটলেটিকো ঘুরে আগুয়েরো নাম লেখান ইংলিশ প্রিমিয়ার লিগে। ম্যানচেস্টার সিটির হয়ে সেখানেও কাটছে দুর্দান্ত সময়। এই মৌসুমটা অবশ্য চড়াই-উতরাইয়ের মধ্য দিয়েই কাটল, চোট অনেক ম্যাচ বসিয়ে রেখেছে বাইরে। তবু ২৩ ম্যাচে ১৭ গোল করে প্রমাণ দিয়েছেন নিজের সামর্থ্যের৷ এখন তাকিয়ে বিশ্বক​াপের দিকে, ‘বিশ্বকাপ সব সময়ই কঠিন। তবু আশা করব, আর্জেন্টিনাই জিতবে। আমি এবার আত্মবিশ্বাসী।’

অনেকেই বলেছেন, এবার বিশ্বকাপে ড্র–ভাগ্য বেশ ভালো​ আর্জেন্টিনার। আলবিসেলেস্তেদের গ্রুপসঙ্গী নাইজেরিয়া, ইরান ও বসনিয়া। কোয়ার্টার ফাইনালের আগে ঐতিহ্যগত কোনো পরাশক্তির মুখোমুখিও না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে আগুয়েরো বলছেন, ‘আমার মনে হয় না, আর্জেন্টিনা কোনো সহজ গ্রুপ পেয়েছে। বিশ্বকাপে সহজ ম্যাচ বলতে কিছু নেই।’

২৫ বছর বয়সী স্ট্রাইকার যা​–ই বলুন, আর্জেন্টিনার গ্রুপটা তুলনামূলক সহজই৷ তাই হয়তো বেশ কিছু গোল পেয়ে যেতে পারেন আগুয়েরো। সে রকম কিছু না হলেও নিজের ওপর আস্থা হারাবেন না, ‘গ্রুপপর্বে যদি গোল করতে না পারি, তবু বিশ্বাস রাখব, নকআউট পর্বে গিয়ে গোল পাব।’ ২০০৮ বেইজিং অলিম্পিকের উদাহরণ টানলেন, ‘বেইজিং অলিম্পিকে গ্রুপপর্বে একটা ম্যাচেও গোল পাইনি। কোয়ার্টার ফাইনালেও অামার গোল নেই। কিন্তু কোচ আমার ওপর আস্থা রেখেছিলেন। সেমিফাইনালে জোড়া গোল করেছিলাম। সেটিও ব্রাজিলের বিপক্ষে!’

ওই অ​ভিজ্ঞতায় তাড়াহু​ড়া করতে রা​িজ নন আর্জেন্টাইন তারকা, ‘আপনাকে শান্ত থাকতে হবে। বিশ্বাস করতে হবে গোল আসবেই। এমনও হতে পারে, গ্রুপপর্বে হয়তো অনেক গোল পাবেন, পরে আর পেলেনই না। ফুটবল একটা অদ্ভুত খেলা।’ ওয়েবসাইট।

আগুয়েরোর পারবেন ​েতা ব্রাজিলে অালো কাড়তে?