গোল উৎসব করেই গ্রুপসেরা

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ঝুমবৃষ্টি নামল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। বৃষ্টি হয়তো অপেক্ষা করছিল কখন ম্যাচটা শেষ হয়! বাংলাদেশ দল যেভাবে গোল উৎসবে মেতেছিল, তাতে বাদ সাধতে চায়নি বলেই হয়তো বৃষ্টির এই অপেক্ষা!
কিন্তু ম্যাচ হাতের মুঠোয় নিতে দর্শকদের একদমই অপেক্ষায় রাখেনি বাংলাদেশ যুবদল। প্রথম ৩২ মিনিটে ৭ গোল করে ওমানের সামনে বাংলাদেশ যেন বিশাল এক ‘বাঘ’ হয়ে দাঁড়ায়।
সেই ‘বাঘের’ খিদেটা কমে আসে ম্যাচের বয়স বাড়ার সঙ্গে। না হলে ১৫-১৬টি গোলও হতে পারত। শেষ পর্যন্ত ১০ গোল করে ক্ষান্তি দিয়েছে বাংলাদেশ।
এই ম্যাচে ৫ গোলের ব্যবধানে হারলেও অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে উঠে যেত বাংলাদেশ। কিন্তু দল গোল উৎসব করেই গ্রুপসেরার তকমা গায়ে জড়িয়ে উঠল শেষ চারে। আগামীকাল দুপুর সাড়ে ১২টায় যেখানে প্রতিপক্ষ চীনা তাইপে। সেমির ওই লড়াইয়ে বাংলাদেশের জয়ই দেখছেন ওমানের কোচ ইউসুফ আল সিয়াবির, ‘বাংলাদেশ ফাইনালে খেলবে আমি মোটামুটি নিশ্চিত। ওরা শক্তিশালী দল। আমাদের অনভিজ্ঞতাকে দেখলেন না কীভাবে কাজে লাগিয়েছে।’
ধারণা করা হচ্ছিল, সেমিতে চীনকে পাবে বাংলাদেশ। কিন্তু কাল তাদের সঙ্গে ২-২ ড্র করে গোল গড়ে গ্রুপ ‘বি’তে রানার্সআপ হয়েছে তাইপে। হংকংকে ১৪-০ গোলে ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান সেমিতে পাচ্ছে ‘এ’ গ্রুপ রানার্সআপ ভারতকে। আগামীকাল বিকেল তিনটায় ভারত-পাকিস্তান যুবদলের লড়াইটা বাড়তি আকর্ষণ জাগাচ্ছে।
এরই মধ্যে অবশ্য টুর্নামেন্টে যথেষ্ট আকর্ষণ তৈরি করে ফেলেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ভারতকে ৫-৪ গোলে হারিয়ে বাংলাদেশ এখন চ্যাম্পিয়ন হওয়ারও স্বপ্ন দেখছে। মাঠের নৈপুণ্য বলছে, সেটা অসম্ভবও নয়।
ভারতের সঙ্গে ৫ গোলের ৪টিই এসেছে পেনাল্টি কর্নারে। কাল ফিল্ড গোলের দিকেই ছিল বেশি মনোযোগ। ১০ গোলের ৭টিই ফিল্ড গোল হওয়ার অর্থ, দল হিসেবে যথেষ্ট সংগঠিত এই বাংলাদেশ। দারুণ সব হিট, ফ্লিক আর স্টিক-ওয়ার্কে যুবারা মাতিয়ে রাখছেন স্টেডিয়াম।
কাল ৪ মিনিটেই এল প্রথম গোল। দারুণ হিটে মাহবুবের লক্ষ্যভেদ। ৮ মিনিটে আবার পরাস্ত ওমানের গোলরক্ষক ইব্রাহিম আল হাসনি; আরশাদের টোকায় ২-০। এরপর দৃশ্যপটে মহসীন। ১৬ মিনিটে করলেন ৩-০। দলের ষষ্ঠ ও অষ্টম গোলও করে ম্যাচসেরা এই ফরোয়ার্ড। রাব্বির স্টিকে ৪-০ ও ১০-০। ৫-০, ৭-০, ৯-০ করেছেন ভারতের বিপক্ষে পেনাল্টি কর্নারে চার গোল করা ডিফেন্ডার আশরাফুল। কালকের তিনটিও পেনাল্টি কর্নারে।
শিষ্যদের এই নৈপুণ্য দেখে বাংলাদেশ দলের কোচ কাম ম্যানেজার কাওসার আলী খুব খুশি, ‘১০ গোল হয়েছে, এতটা না ভাবলেও অবাক হইনি। আমি ভীষণ খুশি, যেভাবে চেয়েছি সেভাবেই খেলেছে ছেলেরা। দারুণ, দারুণ।’
এটা মনের কথা দর্শকদেরও।
আগামীকালদুটিসেমিফাইনাল
বাংলাদেশ-চীনা তাইপে
দুপুর ১২-৩০ মি.
ভারত-পাকিস্তান
বিকেল ৩টা