গোল উৎসবেও অতৃপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ রাসেলের তিন গোলদাতা কাজিনস, প্যাসকেল ও মিঠুনের সঙ্গে মিরোস্লাভ (ডানে)। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে । প্রথম আলো
শেখ রাসেলের তিন গোলদাতা কাজিনস, প্যাসকেল ও মিঠুনের সঙ্গে মিরোস্লাভ (ডানে)। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে । প্রথম আলো

প্রথম পর্বে উত্তর বারিধারাকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। দ্বিতীয় পর্বে একটা গোল বেশি করেছে চ্যাম্পিয়নরা, তবে হজম করতে হয়েছে দুটি। উত্তর বারিধারাকে কাল ৫-২ গোলে হারিয়ে প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্ব শুরু করল শেখ রাসেল।
এমন জয়েও শেখ রাসেল কোচ মারুফুল হকের মুখে রাজ্যের অন্ধকার। ম্যাচের পর বললেন, ‘এই খেলা দেখে আমি মোটেও খুশি হতে পারিনি।’ যে দুটো গোল খেয়েছে চ্যাম্পিয়নরা, দুটোই ডিফেন্ডারদের ভুলে। এটা নিয়ে কোচের মনে অনেক অসন্তোষ। মুখে অবশ্য বলছেন আশার কথা, ‘দ্বিতীয় পর্ব সবে শুরু করলাম। প্রথম পর্বে আমরা ৯ পয়েন্ট পেছনে ছিলাম। এখন প্রতিটি ম্যাচই জেতার লক্ষ্য থাকবে আমাদের।’
শেখ রাসেল গতবারের ট্রেবলজয়ী। কিন্তু এই মৌসুমে দলটা ভাঙাহাট। ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ—এরই মধ্যে দু-দুটো টুর্নামেন্টের শিরোপা হাতছাড়া। লিগই এখন বড় ভরসা। আগামী মাসে শ্রীলঙ্কায় এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাই পর্বে ভালো করার চ্যালেঞ্জ তো আছেই। এর আগে লিগে যত ম্যাচ খেলবে, সবই ওই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে দেখছেন কোচ। তাই খেলোয়াড়দের সামান্য ভুলও মানতে নারাজ।
মধ্যবর্তী দলবদলে অন্যরা আরও ভালো মানের বিদেশি নিয়ে ঘর গোছালেও শেখ রাসেল পুরোনো প্যাসকেল, কাজিনসদের ওপরই ভরসা রেখেছে। সেই আস্থার প্রতিদান দিতে পারবেন কি না খেলোয়াড়েরা, সময়ই বলবে তা।
কাল পাঁচটি গোল করলেও গোল মিসের মহড়াও দিয়েছে দলটি। নইলে আরও বড় হারের মালা পরতে পারত উত্তর বারিধারা। ৬ মিনিটে সোহেল রানার ক্রস থেকে মিঠুনের হেডে এগিয়ে যায় শেখ রাসেল। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্যাসকেল। এবারও গোলের উৎস সোহেল রানা। ৩৮ মিনিটে বারিধারার নাইজেরিয়ান মিডফিল্ডার কোসোকো স্কোরলাইন করলেন ২-১। ৫৫ ও ৮৩ মিনিটে শেখ রাসেলের রিকার্ডোর জোড়া গোল। ৭৫ মিনিটে আরেকটি গোল শাকিলের। পেনাল্টি থেকে ৯০ মিনিটে বারিধারার স্বপন হারের ব্যবধান কমিয়েছেন।
এই জয়ে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল শেখ রাসেল। সমান ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া বারিধারা আছে আটেই। প্রিমিয়ার লিগের নবাগত দলটি তাহলে অবনমিত হয়ে যাবে? বারিধারার সহকারী কোচ মাহবুব আলী এসব প্রশ্ন এখনই মনে আনতে চান না, ‘আমাদের সামনে আরও ম্যাচ আছে। চট্টগ্রাম আবাহনী, ফেনী সকারের মতো দলের সঙ্গে খেলব। ওদের বিপক্ষে হয়তো জিতে এড়াতে পারব অবনমন।’