গোল এবং রেকর্ড
দুজনকে কোনো দিক দিয়েই মেলানো যাবে না। রাউল গঞ্জালেস পুরোদস্তুর একজন স্ট্রাইকার। আর হাভিয়ের জানেত্তি ডিফেন্ডার। ইউরোপের ফুটবলে স্পেনের রাউলের গাদা গাদা রেকর্ড থাকলেও আর্জেন্টিনার জানেত্তির তা ছিল না। তবে পরশু মাঠের দুই প্রান্তের এই দুজন খেলোয়াড় মিলে গেছেন একই বিন্দুতে। চ্যাম্পিয়নস লিগের এই রাতটি তাঁরা নিজেদের করে নিয়েছেন ভিন্ন দুটি রেকর্ড গড়ে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলের রেকর্ড করেছেন রাউল। আর ৩৭ বছর বয়সী জানেত্তি গড়েছেন চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা রাউল অবশ্য ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলের মালিক আগেই ছিলেন। তবে তা ভাগাভাগি করছিলেন এসি মিলানের ইতালিয়ান স্ট্রাইকার ফিলিপ্পো ইনজাগির সঙ্গে। ৬৮ গোল করে ছিল দুজনের। পরশু হ্যাপোয়েলের বিপক্ষে শালকে জিরো ফোরের ৩-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করে এককভাবে শীর্ষে উঠে গেছেন রাউল। আর জানেত্তির আগে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি ছিল ফ্রান্সের লরাঁ ব্লাঁর অধিকারে। ২০০২ সালের চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি গোল করেছিলেন ৩৬ বছর ৩৩৮ দিন বয়সে। জানেত্তি পরশু গোল পেলেন ৩৭ বছর ৭১ দিন বয়সে।