গোল কম খাওয়ার স্বস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার এই ফল কীভাবে নিচ্ছেন?‘আলহামদুলিল্লাহ’—জাহিদ হোসেনের মুখে তৃপ্তির হাসি।পাকিস্তানের কাছে ৬-১ গোলে হার। তবু তৃপ্তি? এবার বাংলাদেশ হকি দলের অধিনায়ক আগের দুই ম্যাচের উদাহরণ টানলেন, ‘গত এশিয়াডে ১০ গোলে পাকিস্তানের কাছে হেরেছি। এরপর চেন্নাইয়ে এশিয়া কাপেও ১০ গোল। একটি গোলও দিতে পারিনি। সেই তুলনায় এই ফলকে আপনি ভালো বলবেন না?’ভারতের কাছে আগের ম্যাচেই ৯-০ হার। পাকিস্তান যে বাংলাদেশকে উড়িয়ে দিতে পারেনি সেটিই বরং বড় অর্জন! শেষ পর্যন্ত অবশ্য কী দাঁড়াবে বলা কঠিন। ১০ দলের মধ্যে সর্বোচ্চ ষষ্ঠ হওয়ার সুযোগ আছে গ্রুপে চতুর্থ হওয়া বাংলাদেশের। স্থান নির্ধারণী প্রতিপক্ষ চূড়ান্ত হবে আজ। সম্ভবত চীন পড়বে সামনে।প্রথম ম্যাচে জাপানের কাছে ৩-১ হারের পর হংকংকে ৭-৩ গোলে উড়িয়ে দিয়ে একটু আত্মবিশ্বাস সঞ্চয় করেছিল বাংলাদেশ। সেটিই কাল কাজে লাগল। তবে শুধু আত্মবিশ্বাস দিয়ে যে এশিয়ান গেমসে কল্কে পাওয়া যায় না, পাকিস্তান ম্যাচ তা-ও দেখিয়ে দিল।যে কৌশলে আগের দিন পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল ভারত, বাংলাদেশ সেটিই অনুসরণ করেছে। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ সোহেল আব্বাসকে অকার্যকর করার সেই ভারতীয় রেসিপি অবশ্য কাজে আসেনি। সোহেল আব্বাস ঠিকই দুটি গোল করেছেন। পরে পাকিস্তানিরা কৌশল পাল্টে ফেলেছে, ইমরান মোহাম্মদ পেনাল্টি কর্নারে পেয়েছেন দুটি গোল। পাকিস্তান পেনাল্টি কর্নার পেয়েছে ৭টি, এর তিনটি আটকাতে পেরেছে বাংলাদেশ।১৩ মিনিটে শাকিল আব্বাসি ফিল্ড গোল করে এগিয়ে নেন পাকিস্তানকে। প্রথমার্ধেই ৪-০ হওয়ার পরপরই খেলা মোটামুটি শেষ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যখন ক্লান্ত হয়ে পড়বে তখন গোলের বন্যা না বয়ে যায়, এমন শঙ্কাই ছিল! কিন্তু সেটা ভুল প্রমাণিত হলো। অবশ্য এটাও ঠিক, পাকিস্তানিদের গোল করার মরিয়া চেষ্টা ছিল না এ অর্ধে। উপরন্তু ৬-০ হওয়ার পর তাপস একটা গোল শোধ করে দিয়েছেন। তখনো খেলার ৭ মিনিট বাকি।প্রথমার্ধে বাংলাদেশের খেলা ছিল চোখের জন্য পীড়াদায়ক। বল নিয়ন্ত্রণ, পাস, কিছুই ঠিক হয়নি। বল দখলের লড়াইয়ে সব সময়ই জিতছিল পাকিস্তানিরা। জার্মানিতে প্রশিক্ষণ...ম্যাচ অনুশীলন...এসব করে কী লাভ হয়েছে তাহলে?কোচ পিটার গেরহার্ডকে এসব বলতে গেলে তিনি খেপে যাবেন। এই এক মানুষ, কখন কী বলবেন বোঝা কঠিন। পাকিস্তানের সঙ্গে নাকি ড্রও করতে পারে বাংলাদেশ—ম্যাচের আগে তাঁর মুখে এমন আশা ছিল! সেই পাকিস্তানের কাছে প্রথমার্ধে দলকে নাস্তানাবুদ হতে দেখে মহা ক্ষুব্ধ জার্মান ভদ্রলোক, ‘প্রথমার্ধে ওরা কী খেলল বুঝলাম না। এত মিস পাস, এত ভুল...উফ্, এভাবে চলে!’কিছুদিন আগে ঢাকা লিগে খেলে আসা সোহেল আব্বাস কিন্তু এই ভুলগুলোকে বড় করে দেখছেন না, ‘বাংলাদেশ আগের চেয়ে লড়াকু দল এখন। আগে বলে-কয়ে গোল দেওয়া যেত এখন আর সেটা সম্ভব নয়।’প্রতিপক্ষকে কি একটু বেশিই সম্মান করলেন পাকিস্তান তারকা?দাবা: পুরুষ দলগত দাবায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর, মিনহাজউদ্দিন, আবু সুফিয়ান ও মেহেদি হাসান মিলে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছেন ৪-০ পয়েন্টে। চীনের কাছে হেরে গেছে (১.৫-২.৫) মহিলা দল।