গোল করেই চলেছেন ফ্যালকাও

লিগ বদলেছে। দেশ বদলেছে। জার্সি বদলেছে। কিন্তু ফ্যালকাও ‘ফ্যালকাও’ই আছেন। পোর্তোর পর অ্যাটলেটিকো মাদ্রিদের হয়েও গোলবন্যায় ভাসিয়ে দেওয়া রাদামেল ফ্যালকাও এবার মাতাচ্ছেন ফরাসি লিগ। মোনাকোর হয়ে লিগ ওয়ানে সাত ম্যাচে সাত গোল করেছেন এই কলম্বিয়ান স্ট্রাইকার। গতকাল তাঁর জোড়া গোলে বাস্তিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে মোনাকো।
দলে বেশ জমে উঠেছে এই মৌসুমেই মোনাকোতে যোগ দেওয়া তরুণ ফরাসি স্ট্রাইকার এম্মানুয়েল রিভিয়েরের সঙ্গে ফ্যালকাওয়ের জুটি। ফরাসি লিগের সর্বোচ্চ গোলদাতার শীর্ষ দুটো স্থান এই দুজনের দখলে। সাত গোল করে ফ্যালকাও শীর্ষে, রিভিয়েরের গোল ছয়টি। লিগে দলের ১৩ গোলের সবগুলোই এসেছে এই জুটির কাছ থেকে।
কালও গোলের শুরুটা রিভিয়েরে করেছিলেন, ৩৯ মিনিটে। ৪১ এবং ৮৯ মিনিটে দলের বাকি দুটো গোল করেন ফ্যালকাও। পোর্তোর হয়ে ৮৭ ম্যাচে ৭২ গোল করেছিলেন। অ্যাটলেটিকোর হয়ে ৯১ ম্যাচে ৭০। মোনাকোর হয়ে আরও দুর্ধর্ষ হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন ‘এল টাইগ্রে’। আর এক গোল করলেই ইউরোপীয় ক্লাব ফুটবলে চার বছরের একটু বেশি সময়ের মধ্যেই ১৫০ গোল করার কীর্তি হয়ে যাবে রিভার প্লেট দিয়ে পেশাদার ফুটবল শুরু করা ফ্যালকাওয়ের!