গোল করেই চলেছেন রোনালদো
সুসময়ই চলছে ক্রিস্টিয়ানো রোনালদোর। প্রায় প্রতি ম্যাচেই পাচ্ছেন গোল। গত সোমবার ফিফা ব্যালন ডি’অরের পুরস্কার জয়ের পর গতকাল কোপা ডেল রের ম্যাচেও গোল করেছেন এই পর্তুগিজ তারকা। প্রথমার্ধে রোনালদো ও দ্বিতীয়ার্ধে অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
প্রথম লেগের ম্যাচেই ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছিল রিয়াল। গতকাল দ্বিতীয় লেগেও সেই একই ব্যবধানের জয় দিয়ে শেষ আটের লড়াইয়ে পা রেখেছে এই স্প্যানিশ জায়ান্ট। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে রিয়ালকে লড়তে হবে এসপানিওলের বিপক্ষে।
গতকাল প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আধিপত্য ধরে রেখেছিল রিয়াল। ২২ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। তবে গোলটির পেছনে রোনালদোর কৃতিত্বের চেয়ে ওসাসুনার গোলরক্ষক আন্দ্রেস ফার্নান্দেজের ব্যর্থতার অবদানই বেশি। একদম সরাসরি নিজের কাছে আসা বলটা ঠিকমতো ধরতে পারেননি ফার্নান্দেজ। হাত ফসকে বল জড়িয়েছে জালে। দ্বিতীয়ার্ধে, ৫৬ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেন ডি মারিয়া।
রিয়ালের পাশাপাশি কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদও। বার্সেলোনাও প্রথম লেগের খেলায় গেটাফেকে ৪-০ গোলে হারিয়ে এক পা দিয়েই রেখেছে কোয়ার্টার ফাইনালে। আজ দ্বিতীয় লেগের খেলায় গেটাফের মুখোমুখি হবে কাতালানরা।— রয়টার্স