
৮৮ মিনিট পর্যন্ত গোলের দেখা নেই। টানা চতুর্থ ম্যাচে ড্রয়ের আশঙ্কা পেয়ে বসেছিল শেখ জামাল ধানমন্ডিকে। ডাগআউটে কোচ যোশেফ আপুসির অস্থির পায়চারি। শেষ পর্যন্ত তাঁর মুখে হাসি ফোটালেন সনি নর্দে। ৮৯ মিনিটে হাইতিয়ান ফরোয়ার্ডের কোনাকুনি গড়ানো শট শেখ রাসেল ক্রীড়াচক্রের জালে (১-০)। গোল করেই ছুটলেন গ্যালারির দিকে, আনন্দে খুলে ফেললেন জার্সি। মিনিট পাঁচেক আগে হলুদ কার্ড দেখা সনি এবার দেখলেন লাল কার্ড।
জয়টা ন্যূনতম ব্যবধানে, তবে এতেই নিটোল-টাটা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে শীর্ষে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে শেখ জামাল। ৯ মাচে ১৯ পয়েন্ট পাওয়া আবাহনী সবার ওপরে। ২০ মার্চ শেখ জামালের এই পর্বের শেষ ম্যাচের প্রতিপক্ষ দুর্বল উত্তর বারিধারা। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয়েই রাসেল।
জাতীয় দলের প্রীতি ম্যাচ ও বিসিবি সেলিব্রেশন কনসার্টের জন্য খেলা বন্ধ ছিল ১৯ দিন। কিন্তু শেখ রাসেলকে প্রথম পর্বের শেষ ম্যাচটির জন্য অপেক্ষা করতে হয়েছে দেড় মাসেরও বেশি। ধারাবাহিকতাহীন লিগের জন্য শেখ রাসেলের কোচ মারুফুল হক ক্ষুব্ধ, ‘এটা আসলে ফুটবল লিগ না, তামাশার লিগ।’ হারের জন্য খেলোয়াড়দের মনোযোগের অভাবকেই দায়ী করেছেন তিনি, ‘শেষ মুহূর্তে ছেলেরা মনঃসংযোগ হারিয়ে ফেলায় গোলটা হয়েছে।’