গোল করেও গোল পেল না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠমান্ডুই যেন আবার ফিরে এল গোয়ায়। নেপালে গত সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতীয় স্ট্রাইকার সুনীল ছেত্রী যেখানে শেষ করেছিলেন, গোয়ায় যেন শুরু করলেন সেখান থেকেই। কাঠমান্ডুতেও বাংলাদেশের নিশ্চিত বিজয় তিনি কেড়ে নিয়েছিলেন শেষ মুহূর্তের ফ্রি-কিকের গোলে। আজ গোয়ায়ও ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু ইনজুরি টাইমে সমতা ফেরালেন সুনীল। ২-২!

তবে সেই গোল খাওয়ার খানিক পরই শেষ বাঁশি বেজে ওঠার আগ মুহূর্তে ভারতের জালে ঠিকই বল জড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। ভারতীয় গোলরক্ষক সুব্রত পাল মারাত্মক ফাউল করলেও সেই ট্যাকেল সামলে ঠিকই বল জালে পাঠান তকলিচ। নিয়ম অনুযায়ী কোনো দল ফাউলের শিকার হলেও যদি তাদের পায়েই বল থাকে ‘অ্যাডভান্টেজ অব প্লে’ দেন রেফারি। ফাউলের বাঁশি বাজিয়ে খেলা থামার বদলে খেলা চালিয়ে নিতে বলেন। কিন্তু এ ক্ষেত্রে রেফারি গোলের আগেই ফাউলের বাঁশি বাজিয়ে দেন। গোলরক্ষককে লালকার্ডও দেখান। কিন্তু তাতে ভারতের ক্ষতির চেয়ে লাভই হয় বেশি। গোলটা বাতিল হয়ে যায়। গোল করেও তাই গোলটা পেল না বাংলাদেশ।

গোলটি রেফারি বাতিল করে না দিলে ভারতের মাটিতে প্রথমবারের মতো ভারতকে হারানোর আনন্দে ভাসতে পারত বাংলাদেশ।

২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ভারতের পক্ষের দুটো গোলই সুনীল ছেত্রীর। খেলার ১৪ মিনিটেই বাংলাদেশের রক্ষণের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন। নিজেদের গুছিয়ে নিয়ে খেলার ৫০ মিনিটে গোলটি শোধ করে দেন মিঠুন। একটি দারুণ পরিকল্পিত আক্রমণ থেকে সোহেল রানার ক্রস থেকে আসে মিঠুনের ওই গোল। এর কিছুক্ষণ পরেই ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে রায়হানের দারুণ এক ক্রস মিঠুনের কাছ থেকে আড়াল করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন অর্ণব মণ্ডল।

এগিয়ে গিয়ে ঐতিহাসিক জয় হাতের মুঠোয় নিয়ে আসতে যে আঁটসাঁট রক্ষণের প্রয়োজন ছিল, সেটার অভাব ছিল বাংলাদেশের খেলায়। ভারতীয় ফরোয়ার্ডরা এ সময় বারবারই ঢুকে পড়তে থাকেন বাংলাদেশের রক্ষণভাগে। গোলরক্ষক শহীদুল প্রাচীর হয়ে না দাঁড়ালে হয়তো বিপদেই পড়তে হতো বাংলাদেশকে।

চতুর্থ রেফারি যখন অতিরিক্ত সময়ের ঘোষণা দিয়ে ইলেকট্রনিক বোর্ডটি ওপরে তুলে ধরলেন, তখনো বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে। ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে মতিউর মুন্নার গোল্ডেন গোলের জয়ের পর প্রথমবারের মতো ফুটবলে ভারতকে হারানোর গৌরব তখন হাতছোঁয়া দূরত্বেই। ভারতের মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে হারানোর ঐতিহাসিক মুহূর্তটির হাতছানিতেই কিনা বাংলাদেশের রক্ষণভাগ তখন ভুলের প্রতিমূর্তি। সুনীল ছেত্রী জাত্যাভিমান নিয়ে তখন ফুঁসছেন। অপূর্ব ক্যারিশমায় বাংলাদেশের রক্ষণের আরও একটি অমার্জনীয় ভুলকে অনুষঙ্গ করে ছেত্রী গোল করে খেলায় সমতা ফিরিয়ে নিয়ে এসে কাঠমান্ডুর স্মৃতিই মনে করিয়ে দেন আরও একবার।

ভারতীয় গোলরক্ষক সুব্রত পাল খেলার একেবারে শেষ মুহূর্তে নিজে লালকার্ড খেয়ে পরাজয়ের হাত থেকে ভারতকে বাঁচান। বক্সের একেবারে মাথায় তকলিচ বল পেয়ে গেলে পোস্ট থেকে বেরিয়ে এসে তাঁকে ফাউল করেন সুব্রত। সুব্রত ফাউল করলেও নিজেকে সামলে জালে বল ঠেলে দেন তকলিচ। কিন্তু গোলের আগেই বাঁশি বাজানোর অজুহাত দেখিয়ে তা বাতিল করেন রেফারি। লালকার্ড যে কোনো দলকে বিপদের হাত থেকে বাঁচাতে পারে, আজকের এই খেলাটি না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করতে চাইবেন না। বাংলাদেশের বিপক্ষেই যত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে।

দুই ডাচ কোচের লড়াইয়ে কাঠমান্ডুর পর গোয়ায়ও সমতা। কাঠমান্ডুর মতোই শেষ মুহূর্তের দুর্ভাগ্যে জয়বঞ্চিত বাংলাদেশ। জয়ের আনন্দ করতে ভুলে যাওয়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গোয়ার প্রীতি ম্যাচও আরও একটি আফসোস। কিন্তু এ দেশের ফুটবল ‘শেষ’ হয়ে গেছে বলে যাঁদের আক্ষেপ, তাঁরা যদি আজকের ম্যাচটি দেখতেন, তাহলে আনন্দ পেতেন যথেষ্টই।

নাহ, এ দেশের ফুটবল এখনো শেষ হয়ে যায়নি!