একদিকে রেফারি দেদার হলুদ কার্ড দেখাচ্ছেন, অন্যদিকে চোখ-জুড়ানো গোল হচ্ছে—এই বিশ্বকাপে মনে রাখার মতো অনেক উপাদানই এরই মধ্যে পাওয়া হয়ে গেছে! পরশু ব্রাজিল-পর্তুগাল, স্পেন-চিলি ম্যাচ দুটির কথাই ধরুন। দুটি ম্যাচ প্রাপ্তির খাতায় যোগ করে গেল—স্পেনের করা গোল দুটি। আহ্, অসাধারণ! মধুর গোল!চোখে এখনো মায়াঞ্জন। ৪০ মিটার দূর থেকে তাৎক্ষণিক বুদ্ধিতে ফাঁকা পোস্টে নিখুঁতভাবে বল পাঠানো ডেভিড ভিয়ার পক্ষেই সম্ভব হলো। একেবারে জাত স্ট্রাইকারের কাজ করেছে স্প্যানিশ তারকা। অনেকের চোখে বিশ্বের সেরা স্ট্রাইকারের স্বীকৃতি পাওয়া ভিয়া প্রমাণ করল, সত্যিই সে সেরা হওয়ার সামর্থ্য রাখে। অবশ্য এই গোল করার সুযোগটা তাকে না দিলেও পারত চিলির গোলরক্ষক (বল মাঠের বাইরেই পাঠানো উচিত ছিল)।স্পেনের দ্বিতীয় গোলটিও দারুণ। ইনিয়েস্তা-তোরেস-ইনিয়েস্তা-ভিয়া-ইনিয়েস্তা—অদ্ভুত সুন্দর এক গোলের সঙ্গে এভাবেই জড়ানো থাকল তিনটি নাম। বক্সের সামনে দেওয়া-নেওয়া করায় ফাঁকা জায়গা বেরিয়েছে এবং সেটিই শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য গুরুত্বপূর্ণ গোল এনে দিয়েছে স্পেনকে। গোল দুটি বাদ দিন, আর কিছু কি খুঁজে পাচ্ছেন? আমি অন্তত তেমন কিছু পাচ্ছি না। দলগুলো আসলে হিসাব-নিকাশ করে খেলেছে। ব্রাজিল-পর্তুগাল ম্যাচই যেমন, শুরুতে দু দল ইতিবাচক মনোভাব নিয়ে শুরু করলেও যখন দেখল, রেফারি মহাশয়ের হাত থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না, কারণে-অকারণে তিনি কার্ড বিলাচ্ছেন, তখন দু দলের চিন্তাটা সম্ভবত এমন ছিল, ‘ঝামেলায় যাওয়ার দরকার কী বাবা! সতর্ক হয়ে খেল। তাতে খেলা ম্যাড়মেড়ে হোক, আমাদের কী!’ব্রাজিল-পর্তুগাল ম্যাচে তবু প্রত্যাশা থাকেই। কিন্তু তা মেটেনি। আসলে দু দল আগেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাওয়ায় রয়ে-সয়ে খেলবে, এটাই স্বাভাবিক। তবে ব্রাজিল এই যুক্তি দেখিয়ে পার পাবে না, কারণ, তাদের তো ‘সুন্দর’ ফুটবলের চাহিদা কিছুটা হলেও মেটাতে হয়। যাই হোক, ব্রাজিল ব্রাজিলের মতো মাঠে ছিল না, এটাই সত্য। এত মিস পাস ব্রাজিলের খেলায় আগে দেখিনি। কাকা, রবিনহোর অভাব খুব ভালো করে বোঝা গেছে। এমনকি এলানো মাঠে নেই, সেটিই একটা সময় মনে পড়েছে। কাকার সেই রক্ষণ-চেরা পাস ছিল না। ক্রসগুলো যে উচ্চতায় আসার কথা বক্সে, কখনো কখনো সে উচ্চতার ধারে-কাছেও ছিল না। অ্যাটাকিং থার্ডে গিয়ে সব আক্রমণ ভোঁতা হয়ে গিয়েছে। এই ব্রাজিলের খেলায় ধার ছিল না, যেন অন্য এক ব্রাজিল! তবে খেলার পর দু দলই দেখলাম খুশি। খুশি এই জন্য যে ঝুঁকি এড়ানো গেল। ঝুঁকি নেয়নি স্পেনও। ২-১ হয়ে যাওয়ার পর দশজনের চিলির বিপক্ষে তারা খেলার গতি থামিয়ে দিয়েছে। নিজেরা আর ঝাঁঝালো আক্রমণে তেমন যায়নি। অগ্রগামিতা রেখে নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ড। রেফারিং নিয়ে আবার একটু বলছি। শক্ত হাতে খেলা পরিচালনা আর খেলোয়াড়দের নিরাপত্তা দিতে ফিফার কঠোর অবস্থানই হয়তো তাঁরা অনুসরণ করছেন। ঠিকই আছে, কিন্তু রেফারিংয়ে কোনো ধারাবাহিকতা নেই। পেছন থেকে তোরেসের পায়ের সঙ্গে অনিচ্ছাকৃত পা লাগার জন্য চিলির খেলোয়াড়টিকে প্রথমে হলুদ, একটু পর লাল কার্ড দেখালেন রেফারি। এভাবে কার্ডের যথেচ্ছ ব্যবহার হতে থাকলে দলগুলোর কাছে বেশি আশা না করাই ভালো!