গোল-খরা কাটালেন রুনি, শীর্ষে চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল করার সাধ যেন ভুলেই গিয়েছিলেন ওয়েইন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বশেষ গোল করেছিলেন গত মার্চে, চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে। এরপর থেকে কেবলই হতাশা। দীর্ঘ পাঁচ মাসের খরা কাটিয়ে শেষ পর্যন্ত রুনি গোলের দেখা পেলেন গতকাল শনিবার। তবে এ গোলের পেছনে তাঁর কতটা কৃতিত্ব রয়েছে প্রশ্ন থেকেই যায়, গোলটি যে এসেছে পেনাল্টি থেকে!রুনির গোল-খরা কাটানোর ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামকে ৩-০ গোলে হারিয়েছে তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। অপর ম্যাচে স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন মালোদা, দ্বিতীয় ও শেষ গোলটি করেন দিদিয়ের দ্রগবা। নিজেদের প্রথম ম্যাচে ৬-০ গোলের বিশাল জয় পাওয়ায় ৯ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান করছে চেলসি। তাদের চেয়ে দুই পয়েন্ট পেছনে থেকে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানইউ ও আর্সেনাল।—রয়টার্স