গোল-খরা ঘোচালেন রুনি
৩৩ মিনিটে যে গোলটি করেছেন, সেটি পেনাল্টি থেকে। ম্লান ছিলেন নানির পারফরম্যান্সের কাছে। তবু ইংলিশ প্রিমিয়ার লিগে পরশু ওয়েস্টহামের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি ছিল ওয়েইন রুনির। আসলে রুনির মুক্তির ম্যাচ ছিল এটি। এ ম্যাচ দিয়েই ১১১৩ মিনিটের গোল-খরা থেকে মুক্তি পেলেন ইংলিশ স্ট্রাইকার। এতগুলো মিনিট তিনি ম্যানইউর হয়েও গোল করতে পারেননি, পারেননি ইংল্যান্ডের জার্সি গায়েও গোল করতে।রুনির এই পেনাল্টি গোলই এগিয়ে দিয়েছিল ম্যানইউকে। গত দুই ম্যাচে ম্লান হয়ে থাকা পর্তুগিজ উইঙ্গার নানি এরপর ব্যবধান বাড়ান ৫০ মিনিটে। বুলগেরিয়ার স্ট্রাইকার দিমিতার বারবেতভ ৬৯ মিনিটে করেন ৩-০। এই ব্যবধানেই জয় পেয়েছে ম্যানইউ। এই গোল চাপ থেকে তাঁর ফরোয়ার্ডকে মুক্তি দিয়েছে কি না—এমন প্রশ্নে কোচ ফার্গুসন হ্যাঁ-বোধক উত্তরই দিয়েছেন, ‘অবশ্যই এটি তা করেছে। তবে ওর পারফরম্যান্সই আমার মনে ধরেছে। পর্যাপ্ত খেলার মধ্যে ছিল না সে, ভাইরাস জ্বরের কারণে গত কয়দিন সে তেমন একটা অনুশীলনও করতে পারেনি। তবে ওকে দেখে অনেকটা ওর মতোই মনে হয়েছে।’পরশু রুনির খেলা দেখতে ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে ছিলেন ফ্যাবিও ক্যাপেলো। রুনির গোল পাওয়াটা রুনির সঙ্গে ইংল্যান্ডের ইতালিয়ান কোচকেও নিশ্চয়ই স্বস্তি দিয়েছে। ইংল্যান্ড স্ট্রাইকারের স্বরূপে ফেরাটা তাঁরও যে বড্ড প্রয়োজন। সামনেই যে ইউরোর মূল পর্বের টিকিট পাওয়ার লড়াইয়ে নামবে ইংল্যান্ড।জয় পেয়েছে চেলসি ও আর্সেনাল। ফ্লোরেন্ত মালুদা ও দিদিয়ের দ্রগবার গোলে স্টোক সিটির বিপক্ষে ২-০ গোলে জিতেছে প্রথম দুই ম্যাচের দুটিতেই ৬ গোলে জেতা চেলসি। ব্ল্যাকবার্নের বিপক্ষে আর্সেনালের জয়টি ২-১ গোলের। আর্সেনালের গোল দুটি আন্দ্রেই আরশাভিন ও আগের ম্যাচের হ্যাটট্রিক হিরো থিও ওয়ালকটের।ওয়ালকটের গোলে আর্সেনাল এগিয়ে যাওয়ার পর দিউফ সমতা এনেছিলেন ম্যাচে। এরপর জয়সূচক গোলটি করেন আরশাভিন। দলের এই দৃঢ় মনোভাবে খুশি আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। তবে চেলসি কোচ কার্লো আনচেলত্তির জয়ের আনন্দ ম্লান হয়েছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চোটের কারণে।১০ বছর আগে হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছিলেন ল্যাম্পার্ড। সেই পুরোনো চোটেই আবার লাগায় ৭২ মিনিটে মাঠ ছেড়েছেন। মাঠ ছাড়ার আগে মিস করেছেন পেনাল্টি। আগামী সপ্তাহে আবার অস্ত্রোপচার করাতে হবে তাঁর। ২০১২ ইউরো বাছাইপর্বে বুলগেরিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি খেলা হবে না ল্যাম্পার্ডের।এদিকে পরশু শুরু হয়েছে স্প্যানিশ ও ইতালিয়ান লিগ। স্প্যানিশ লিগের প্রথম দিনে বড় কোনো ম্যাচ ছিল না। অ্যাটলেটিকো বিলবাও, সেভিয়া আর ভ্যালেন্সিয়া জয় পেয়েছে। তবে সিরি ‘আ’র শুরুর ম্যাচেই ধাক্কা খেয়েছে এএস রোমা। নবাগত সেসেনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে গতবারের রানার্সআপরা। এএফপি।