গোল খরায় ফ্যাবিয়ানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুইস ফ্যাবিয়ানো টিম হোটেলের যে কক্ষটিতে থাকেন, তার সামনে একটি গলফ কোর্স। এ বেলা ও বেলা জল দিয়ে সেই গলফ কোর্স ভেজা রাখা হয়। ফ্যাবিয়ানো নিশ্চয়ই রোজ তা দেখেন। দেখতে দেখতে হয়তো আনমনে ফেলেন হতাশার নিঃশ্বাস! এত এত জল আর ভেজা পরিবেশ সামনে, অথচ নিজের ক্যারিয়ারে খরাই যাচ্ছে তাঁর! হ্যাঁ, ব্রাজিল দলে যিনি ধারাবাহিকতার প্রতিমূর্তি, এখন আসল সময়ে সেই ফ্যাবিয়ানোরই যাচ্ছে গোল-খরা। ফ্যাবিয়ানোর হোটেল কক্ষের সামনের গলফ কোর্সের মতোই পরশু তাঞ্জানিয়াকে গোলে ভাসাল ব্রাজিল। তবে ফ্যাবিয়ানো সেই শুষ্ক, খটখটই থেকে গেলেন। জিম্বাবুয়ের মতো এ ম্যাচেও তিনি গোলশূন্য। রবিনহো, কাকা আর রামিরেস মিলে ৫ গোল করেছেন পরশু। একটি গোলও তাঁর নয়। অথচ ব্রাজিলের জার্সি গায়ে দারুণ গোলগড় ফ্যাবিয়ানোর—জিম্বাবুয়ে ও তাঞ্জানিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচ দুটির আগে ৩৫ ম্যাচে ২৫ গোল। এবারের বিশ্বকাপে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোদের সঙ্গে ফ্যাবিয়ানোও সোনার জুতোর অন্যতম দাবিদার। এর চেয়েও বড় কথা, ব্রাজিলের ৯ নম্বর জার্সিটা তাঁর গায়ে। তিনি তো রোনালদোর উত্তরসূরি। রবিনহো-গ্রাফিতে, নিলমারদের নিয়ে গড়া ব্রাজিলের আক্রমণভাগের নেতা তো তিনিই। তাঁর কি আর গোল-খরায় থাকলে চলে!এই যে মাথার ওপর রোনালদোর ৯ নম্বর জার্সির চাপ আর আক্রমণভাগের নেতার তকমা—এগুলোই কি হিতে বিপরীত হয়ে গেছে ফ্যাবিয়ানোর জন্য? চাপ আছে স্বীকার করেন। তবে চাপে তাঁর ফর্মের খোলতাই হচ্ছে না, এটাও মানতে তিনি নারাজ, ‘এটা আসলে কঠিন একটা পজিশন। অনেক চাপ আছে। তবে আমি তো এগুলো অতিক্রম করে এসেছি। রোনালদো-কারেকাদের ৯ নম্বর জার্সি পরাটা তো আসলে যেকোনো খেলোয়াড়েরই স্বপ্ন।’ রয়টার্স।