গোল ছাপিয়ে 'ফেয়ার প্লে' বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন ১ গোলে পিছিয়ে মোহামেডান। গোল শোধের জন্য মরিয়া সাদা-কালোরা সুযোগ খুঁজছিল। গোল শোধও করে দিলেন এমিলি। কিন্তু এই গোল নিয়ে বাধল গোলমাল। ফুটবলের মূল চেতনা ‘ফেয়ার প্লে’র সঙ্গে যে এটি যায় না। তাই গোলটা নৈতিকভাবে গ্রহণযোগ্য কি না প্রশ্ন উঠলই।
৫০ মিনিটে নিজেদের বক্সের সামান্য বাইরে আঘাত পেয়ে পড়ে যান মোহামেডানের মিডফিল্ডার ড্যামিয়েন। খেলা বন্ধ রাখতে বল বাইরে পাঠান শেখ রাসেলের ফ্রান্সিসকো। কিন্তু খেলা বন্ধ হয়নি। থ্রো ইন করে মোহামেডানের নাহিদ বল দেন সতীর্থ তপু বর্মণকে। তপুর লম্বা পাস ধরে আক্রমণে ওঠেন ওয়াহেদ। এরপর হেডে এমিলির গোল।
কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে গেল ব্যাপারটা। হতভম্ব হয়ে পড়েন ফ্রান্সিসকো। ক্ষুব্ধ এই উরুগুইয়ান মিডফিল্ডার ওয়াহেদকে বিষয়টা জিজ্ঞাসা করতে যান, কেন খেলোয়াড় পড়ে থাকা অবস্থায় ফেয়ার প্লে রীতি মানা হলো না? কিন্তু ওয়াহেদ শুনতে না চাইলে জার্সি টেনে ধরেন। এতেই পরিস্থিতি উত্তপ্ত। মুহূর্তেই মাঠের মধ্যে দুই দলের খেলোয়াড়েরা জড়িয়ে পড়লেন মারামারিতে। শেখ রাসেলের দাবি, ফেয়ার প্লে না মেনেই মোহামেডান গোলটি করেছে।
ক্ষুব্ধ শেখ রাসেল কোচ মারুফুল হক এই গোল কোনোভাবেই মানতে পারছিলেন না, ‘এটা কোনো গোলই নয়। একধরনের প্রতারণা। ফেয়ার প্লে না মানলে আমরা কেন তাহলে খেলা শুরুর আগে ফেয়ার প্লের পতাকা নিয়ে মাঠে যাই?’ মোহামেডান কোচ রুই ক্যাপেলা অবশ্য বিষয়টা এড়িয়ে গেলেন ‘আমি অনেক দূরে দাঁড়িয়ে সহকারী কোচের সঙ্গে কথা বলছিলাম। গোলটা তাই ভালোভাবে দেখতে পারিনি।’
এই গোলই মোহামেডানকে কাল একটা পয়েন্ট এনে দিল। আগের ম্যাচে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে শেখ জামালের সঙ্গে ড্র (১-১)। কাল ২৯ মিনিটে গোল হজম করল মোহামেডান। গোল করেছেন শেখ রাসেলের রিকার্ডো কাজিনস। অবশ্য তাঁকে সহযোগিতার হাত বাড়িয়েছেন মোহামেডান ডিফেন্ডার মিন্টু শেখ।
মোহামেডানের বড় সমস্যা রক্ষণে। বেইবেক গত ম্যাচে লাল কার্ড দেখায় মাঠের বাইরে। চোটের কারণে আরিফ নেই। মিন্টু শেখ ভুল করছেন প্রায়ই। মোহামেডানের রক্ষণ তাই চাপের মুখে ভেঙে পড়ছে। অন্যদিকে নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাব এবার শেখ রাসেলের কাছে বড় এক সমস্যাই। ম্যাচেও সেটির প্রভাব পড়ছে।
এই ড্রয়ে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চারে উঠে এল মোহামেডান। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রাসেল।