গোল তবু মরীচিকাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ফাঁকা মাঠের মধ্যে মাথা তুলে দাঁড়ানো স্টেডিয়ামটি ছোট। কিন্তু সেটি পরশু প্রত্যাশায় উঠে দাঁড়াল অনেক উঁচুতে। ৩৯ হাজার দর্শকের কেউই মনে হয় ভাবেনি যে আর্জেন্টিনা গ্রিসকে হারাতে পারবে না। আর্জেন্টিনা জিতল পরিষ্কার ব্যবধানেই (২-০)। কিন্তু গ্রিকরা সহজেই হার মানেনি। ‘হারব না’—এই পণ করে তারা আর্জেন্টিনাকে গোলবঞ্চিত রাখল ৭৭ মিনিট পর্যন্ত। দ্বিতীয় গোলটি হলো শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে।না, মেসি নন। তাঁর কাছে গোল এখনো সোনার হরিণ। সার্জিও আগুয়েরো বা ডিয়েগো মিলিতোও গোল পাননি। গোল করেছেন একেবারেই অপ্রত্যাশিত দুটি মুখ, দুই মার্টিন—মার্টিন ডেমিকেলিস ও মার্টিন পালের্মো।এই ম্যাচে অনেকগুলো ‘প্রথমের’ জন্ম দিয়েছে ম্যারাডোনা-মেসির আর্জেন্টিনা। এই বিশ্বকাপে প্রথম দল হিসেবে তারা তিন ম্যাচের পুরো ৯ পয়েন্ট নিয়ে উঠল দ্বিতীয় রাউন্ডে। দুটি বিশ্বকাপের পর প্রথম তারা পেল পুরো ৯ পয়েন্ট। এই প্রথম কোনো ম্যাচের সেরার স্বীকৃতি পেলেন মেসি। এই প্রথম আর্জেন্টিনার ছোট্ট জাদুকরের হাতে উঠল অধিনায়কের বাহুবন্ধনী। এই প্রথম বিশ্বকাপে খেলতে নেমেই গোল পেলেন ৩৬ বছর বয়সী স্ট্রাইকার মার্টিন পালের্মো।ম্যান অব দ্য ম্যাচ না হওয়াটাই মেসির জন্য আগের দুটি ম্যাচে ছিল অপ্রত্যাশিত। সেটি গ্রুপের শেষ ম্যাচ হলেও তিনি পেলেন। আর্জেন্টিনা শিবিরে এটি অনেক বড় আনন্দের খবর। কিন্তু আরেকটি ‘প্রথম’ মেসি ও আর্জেন্টিনাকে একটু হতাশাও উপহার দিচ্ছে। অধিনায়কের বাহুবন্ধনী পরে প্রথমবারের মতো খেলতে নেমেও গোল পেলেন না ফিফার বর্ষসেরা খেলোয়াড়।ফুটবলে অধিনায়কত্ব মানেই সর্বময় কর্তৃত্বের অধিকার নয়। তবে মাঠের মধ্যে একজন খেলোয়াড়ের নেতৃত্বের স্বীকৃতি তো বটে। তো এই মণিহার মেসির গলায় মানাল কেমন?হাতে বাহুবন্ধনী না পরেও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মেসি আর্জেন্টিনা দলের নেতা হয়েই ছিলেন। মাঠে খেলাচ্ছেন পুরো দলটিকে। সব সময় বুকে আকাশি-সাদা পতাকা বয়ে বেড়াচ্ছেন। পাশে দাঁড়াচ্ছেন সতীর্থের। আর এ ম্যাচে প্রতিপক্ষ দলের শ্রদ্ধাও কুড়িয়ে নিলেন। উজবেক রেফারি দুই অধিনায়ককে নিয়ে যখন টস করবেন, মেসির কাছেই জানতে চাইলেন মুদ্রার এপিঠ কিংবা ওপিঠ তিনিই বেছে নেবেন কি না। নীল জার্সির মেসি আঙুল তুললেন গ্রিক অধিনায়ক জিওর্জিস কারাগুনিসের দিকে। কিন্তু কারাগুনিসও ঔদার্যে ভরপুর। তিনি মেসির হাতেই মুদ্রা তুলে দিলেন। সঙ্গে সঙ্গেই করতালিতে মুখর হলো গ্যালারি। একসময় বাঁশি বাজল, শুরু হলো খেলা। কিন্তু এ কোন মেসি? তিনি তো বলই পাচ্ছেন না। প্রায় সাড়ে ছয় ফুট দীর্ঘ গ্রিক শরীরগুলো মেসিকে শুরু থেকেই আটকে দিতে লাগল যেনতেন প্রকারে। অনেক সময়ই বলের কাছে যাওয়ার আগে। তবে কি তাঁর অধিনায়কত্বের অভিষেক-লগ্নটা হবে বিস্মরণযোগ্য? মেসি প্রথম বল পেলেন নবম মিনিটে। অন্য ম্যাচে যেমন বল মানেই মেসি, এ ম্যাচে তেমন নয়। কারণ গ্রিকদের রক্ষণাত্মক মানসিকতা। সক্রাতিস পাপাস্তাথোপুলাস মেসির সার্বক্ষণিক প্রহরী, কিন্তু বলের কাছে যেতেই আরও দুজন তাঁর কভারে এগিয়ে আসছেন।মেসি নেই, মেসি নেই—হাহাকার উঠল গ্যালারিতে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, এই ‘নেই, নেই’-এর মধ্যেও মেসি সর্বব্যাপী। গ্রিক রক্ষণভাগে সবগুলো বিপদ তৈরির মূলে। সবগুলো গোলের তিনি কারিগর। অ্যাঙ্গেল ডি মারিয়ার যে কর্নার থেকে ডেমিকেলিস গোল পেলেন, ওই কর্নারটাও মেসির আদায় করে দেওয়া। ৮৯ মিনিটে পালের্মো যে গোলটি করলেন, সেটি মেসির পায়ে উৎপন্ন প্রায় ৯৮ ভাগ। মেসির শট গ্রিক গোলরক্ষক আলেক্সান্দ্রোস জোরভাস পাঞ্চ করে সামনে ফেলতেই পালের্মো নিপুণ শিকারির মতো করেন লক্ষ্যভেদ।অধিনায়ক মেসি আনুষ্ঠানিকভাবে যখন কথাবার্তা বলেন, তখন আরও উজ্জ্বল। সংবাদ সম্মেলনে মেসি এসেছিলেন আসলে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে, আনুষ্ঠানিকতার অংশ হিসেবে। ম্যান অব দ্য ম্যাচ পৃষ্ঠপোষণা করছে বাডউইজার বিয়ার কোম্পানি। বাডউইজারের ব্যাকড্রপে আনুষ্ঠানিক ফটোসেশনের পর যে মেসি মঞ্চে বসে মাইক্রোফোন হাতে নিলেন, তিনি খুব লাজুক। তীব্র আলো তাঁর ফর্সা ত্বক থেকে লজ্জার লালিমা বের করে দিল আরও। কিন্তু লাজুক মুখ থেকে কথা বেরোলো ঋজু স্বরে। আত্মবিশ্বাসে ভরা। প্রশ্নগুলো কী হতে পারে ধারণা করুন। সবই সেই গোল না পাওয়ার রহস্য উন্মোচনের চেষ্টা। মেসি কী বলবেন! গোল কেন পাচ্ছেন না সে তো বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য। বললেনও তাই, ‘এটাই সত্যি, গোল পেলাম না এ ম্যাচেও।’এই বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে ফেললেন, প্রতিপক্ষের ডিফেন্ডার ও গোলরক্ষকদের শরীর ও মনে অনেক ঝড় বইয়ে দিলেন, তবু গোল না পেয়ে তিনি উদ্বিগ্ন নন। ‘গোল না পাওয়ায় আমি বিচলিত নই। তবে আমার সন্তুষ্টির জায়গা এখানেই যে সতীর্থদের দিয়ে গোল করাতে পারছি। এটাই আসল। আর্জেন্টিনাকে ম্যাচ জেতাতে সাহায্য করতে পারছি। গোল হয়তো সামনে অপেক্ষা করে আছে।’হ্যাঁ, আর্জেন্টিনা আশায় আছে। গোল করার লোকের এখন অভাব নেই আর্জেন্টিনার। দরকার হলে ডেমিকেলিস পর্যন্ত গোল করতে পারেন। গোলের বকেয়াটা মেসি যেন ধরে রাখেন বড় ম্যাচের জন্য। দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনালের ভীষণ জরুরি সময়ে। কে জানে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোরই কপাল পুড়ল হয়তো মেসির গোলে!