গোল না করেই সেমিতে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটিও গোল না করে উঠে গেলেন সেমিফাইনালে?’ প্রশ্নটায় আবাহনীর কোচ অমলেশ সেনকে ঘিরে হাসির রোল উপস্থিত সাংবাদিকদের মধ্যে। হেসে ফেললেন প্রবীণ কোচও। কী আর বলবেন, গ্রুপ পর্বের দুটি ম্যাচেই গোলশূন্য ড্র করেই তো সুপার কাপের সেমিফাইনালে গতবারের রানার্সআপরা। সুপার কাপের প্রথম ম্যাচে ব্রাদার্সকে গোলের মালা পরিয়েছিল শেখ জামাল। কাল নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই শেখ জামালই আবাহনীর জালে বল পাঠাতে পারল না। আবাহনী অবশ্য জেতার চেষ্টায় ছিল মরিয়া। কিন্তু স্ট্রাইকাররা যে গোলের মুখই খুলতে পারলেন না!গত ১১ জুলাই ব্রাদার্স-আবাহনী ড্র হওয়ায় সেদিনই ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল শেখ জামালের। কালকের ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন। ২ পয়েন্ট নিয়ে রানার্সআপ আবাহনী। সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়াতেই হয়তো শেখ জামালের খেলোয়াড়দের মধ্যে গোল করার তাড়নাটা সেভাবে ফুটে ওঠেনি। এটাই কারণ কি না কে জানে, তবে ম্যাচে আবাহনীরই আধিপত্য বেশি ছিল। কিন্তু গোলমুখে গিয়ে ভজকট পাকিয়ে ফেলেছেন ইব্রাহিম, ফ্রাঙ্ক, উজ্জ্বলরা। বড় ম্যাচে বারবার সুযোগ আসে না। কাল যাও বা দু-তিনটি সুযোগ পেয়েছিল, কোনোটিই কাজে লাগাতে পারেনি আবাহনী।১৬ মিনিটেই এগিয়ে যেতে পারত আকাশি-নীলেরা। কিন্তু শেখ জামাল গোলরক্ষক আমিনুলকে একা পেয়েও তাঁর হাতে বল মারেন ফ্রাঙ্ক। ২১ মিনিটে ফ্রাঙ্ক আবারও সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু গোলের দিকে আগুয়ান ঘানাইয়ান স্ট্রাইকারকে বক্সের বাইরে ফেলে দেন ডিফেন্ডার আরিফ। ইব্রাহিমের ফ্রি-কিক বারের ওপর দিয়ে চলে যায়। এই মৌসুমে যেন নিজের নামের ছায়া হয়েই থাকছেন ইব্রাহিম।রবিন বরং বেশ প্রাণবন্ত ছিলেন। ডান প্রান্ত দিয়ে বেশ কয়েকবার আক্রমণে গেছেন। তবে সবই ছিল নিষ্ফলা। ৫৯ মিনিটে এই রবিনের কর্নার থেকে পাওয়া বলেই উজ্জ্বলের দারুণ ভলি চলে যায় বারের ওপর দিয়ে। মৌসুমের শুরু থেকেই স্থানীয় খেলোয়াড়দের বসিয়ে রেখে বিদেশিদের ওপর বেশি আস্থা রেখে আসছেন শেখ জামাল কোচ পাকির আলী। কাল সেই বিদেশিরাও হতাশ করেছেন তাঁকে। যে কারণে ৬০ মিনিটে লোগাবোগাকে উঠিয়ে মাঠে নামাতে বাধ্য হন এমিলিকে। কিন্তু তাতেও গোলের দেখা মেলেনি।ম্যাচ শেষে পাকির আলী বললেন, ‘ছেলেরা হয়তো বেশি রিলাক্সড হয়ে পড়েছিল। যে জন্য ওদের ভেতরে হয়তো গোলের কোনো তাড়না ছিল না। তা ছাড়া আমাদের ওপর কোনো চাপও ছিল না। আমাদের কৌশলই ছিল, কোনোভাবেই গোল খাব না।’ আবাহনীর কোচ অমলেশ সেনের মুখে সেই পুরোনো কথা, ‘আমরা ভালোই খেলেছি। শুধু গোলটাই বের করতে পারিনি।’ তবে এই খেলা খেলে যে ফাইনালে ওঠা যাবে না সেটাও ভালোই জানেন, ‘সেমিফাইনালে আরও ভালো খেলতে হবে।’ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন শেখ জামালের ডিফেন্ডার মোহাম্মদ সুজন। আবাহনী: জিয়া, লিঙ্কন, মামুন, সিরাজি, সামাদ, প্রাণতোষ, আমিনু, উজ্জ্বল (সোহাগ), ফ্রাঙ্ক, ইব্রাহিম, রবিন (রনি)।শেখ জামাল: আমিনুল, নাসির, মিশু, আরিফ, সুজন, শাকিল (কোমল), মামুনুল (সোহেল), টমাস, ফেমি, ইমানুয়েল, লোগাবোগা (এমিলি)। আজকের খেলামুক্তিযোদ্ধা-শেখ রাসেল (বিকেল ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।