গোল পেতে চান রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়েইন রুনির পারফরম্যান্সে অনেকেই বিরক্ত। কেউ কেউ ওয়েইন রুনিকে কাগুজে বাঘেরও বিশেষণে বিশেষিত করেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রুনির পারফরম্যান্স আর ইংল্যান্ডের হয়ে তাঁর পারফরম্যান্সের ব্যবধান যে আকাশ-পাতাল তাও বোঝা যাচ্ছে বেশ পরিষ্কারভাবেই। ইংল্যান্ডের হয়ে গত নয় মাস কোনো আন্তর্জাতিক ম্যাচে গোল পাননি ওয়েইন রুনি। ইংলিশ মিডিয়াতেও তাঁকে নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে নানা রকম সমালোচনার গুঞ্জন। এমন একটি সময়ে ওয়েইন রুনি নিজেই জানিয়ে দিয়েছেন আলজেরিয়ার বিপক্ষে শুক্রবারের ম্যাচে গোল করেই তিনি সব সমালোচনার জবাব দিতে চান। তিনি বলেছেন, এমিল হেসকির সঙ্গে জুটি বেঁধে আবার মাঠে নামার সুযোগ পেলে তিনি আলজেরিয়ার বিপক্ষে অবশ্যই ইংল্যান্ডকে জয় এনে দেবেন। গতকাল বুধবার রুস্টেনবার্গে বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রুনি এ কথা বলেন।সব সময় কিছুটা উদ্ধত রুনি এই বিশ্বকাপে ভয় পাওয়ার মতো কোনো দল এখনো দেখতে পাননি বলে মন্তব্য করেছেন। রুনির অভিমত, ‘সত্যি বলতে কি, এখনো পর্যন্ত বিশ্বকাপে কোনো দলকেই আমার কাছে আহামরি কিছু মনে হয়নি।’ ব্রাজিলের রক্ষণভাগকে তিনি শক্ত মনে করেন। কিন্তু সত্যিকার অর্থে কোনো দলকেই তিনি এগিয়ে রাখতে চান না। তিনি মনে করেন, ইংল্যান্ড সবার সঙ্গেই দারুণ পারফর্ম করবে।ইংল্যান্ড দলটির মূল সমস্যা যে স্ট্রাইকিং পজিশনে সে কথা বিভিন্নভাবে বারবার উচ্চারিত হচ্ছে। গত সেপ্টেম্বরে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৫-১ ব্যবধানে বিজয়ে রুনির ছিল সর্বশেষ অবদান। এরপর থেকে এ পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচেই আর গোল পায়নি ইংল্যান্ডের স্ট্রাইকিং নির্ভরতা। রুনির স্ট্রাইকিং পার্টনার এমিল হেসকি তো আরও এক কাঠি সরেস। তিনি এক বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের হয়ে কোনো গোলই করতে পারেননি। ৫৯ ম্যাচে হেসকির গোলসংখ্যা মাত্র ৭। দলের স্ট্রাইকারদের গোল না পাওয়া নিয়ে একেবারেই উদ্বিগ্ন নন ওয়েইন রুনি। এ নিয়ে ভাবতেই রাজি নন তিনি। সোজা-সাপ্টা জানিয়ে দিয়েছেন, ‘আমাদের দলে গোল করার মতো খেলোয়াড়ের অভাব নেই।’ তবে তিনি নিজেও মনে করেন নয় মাস ধরে নিজের গোল না পাওয়াটা একটু বাড়াবাড়িই হয়ে যাচ্ছে। ‘আমাকে আরও ভালো খেলে ইংল্যান্ডের জন্য কিছু গোল পেতে হবে।’ রুনির মন্তব্য। তবে সবার ওপর তিনি ইংল্যান্ডের পারফরম্যান্সকেই প্রাধান্য দিচ্ছেন। ‘আমি গোল না পেলেও ইংল্যান্ড জিতলেই আমি খুশি।’ বলছিলেন তিনি।যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে না পেরে দলের মনোবল নাকি অনেকটাই নিচে। এমনটাই মনে করে ইংল্যান্ডের গণমাধ্যমগুলো। তবে রুনি মনে করেন, ‘এটা একটি ভুল ধারণা। ইংল্যান্ড দলের মনোবল মোটেও নিচে নয়। আমরা আলজেরিয়াকে উড়িয়ে দিতেই মাঠে নামব।’ রুনি বলছেন, আলজেরিয়াকে তাঁরা উড়িয়ে দেবেন। কিন্তু আলজেরিয়াকে উড়িয়ে দিতে চাইলে তাঁকে যে গোল করতে হবে—ব্যাপারটি তাঁর মাথায় থাকলেই হলো!