গোল পেলেন তোরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসেন্তে দেল বস্কের কপালের ভাঁজ এবার একটু হলেও কমবে। সবচেয়ে বড় শক্তির জায়গাটাই এবার যেন নড়বড়ে স্পেনের। চোটের কারণে নেই ডেভিড ভিয়া; ফার্নান্দো তোরেস যেন গোল করতেই ভুলে গিয়েছিলেন। অবশেষে বছর খানেক পর স্পেনের জার্সি গায়ে গোল পেলেন তোরেস। গত বছর জুনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোলের পর এটাই তাঁর প্রথম। ইউরোর প্রস্তুতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নরা ৪-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। আগের ম্যাচে হারের হতাশা খুলে বিশ্বকাপ রানার্সআপ হল্যান্ড ২-০ গোলে হারিয়েছে স্লোভাকিয়াকে।বার্নে পরশু ১১ মিনিটেই তোরেসের গোলে এগিয়ে যায় স্পেন। বিরতির দুই মিনিট আগে কিম দো-হিউনের বক্সের বাইরে থেকে নেওয়া শটে সমতা ফেরায় কোরিয়া। তবে দ্বিতীয়ার্ধে জাবি আলোনসো, সান্তি কাজোরলা ও আলভারো নেগ্রেদোর গোলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন। রটারডামে কর্নেল সালাতার আত্মঘাতী গোল হল্যান্ডকে এগিয়ে দেয় ৭ মিনিটে। ৭৫ মিনিটে দ্বিতীয় গোল করেন রাফায়েল ফন ডার ভার্ট। এএফপি।