৬৩ মিনিটে জিলিনার জালে সপ্তম গোলটি ঢোকার পর মনে হচ্ছিল, রেকর্ডটা বুঝি হয়ে যাবে। খেলার তখনো আধঘণ্টার মতো বাকি। আর দুটো গোল হবে না! হয়নি, হয়নি রেকর্ডটাও। ৮-০ গোলের জয়টাই তাই চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। ১৯৯২ সাল থেকে ‘চ্যাম্পিয়নস লিগ’ নাম নেওয়ার পর এই টুর্নামেন্ট ৮-০ গোলের জয় দেখেছে চারটি। তিনটিই বাছাইপর্বে: ১৯৯৮-৯৯ আসরে ব্যারি টাউনকে ডায়নামো কিয়েভ, ক্লিফটনভিলকে কসিস; গত আসরে রাইলকে হারিয়েছিল পার্টিজান। ২০০৭-০৮ আসরে গ্রুপ পর্বে বেসিকতাসকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল লিভারপুল। নকআউট পর্বে সবচেয়ে বড় ব্যবধানের জয় ৭-১ গোলের। রোমাকে ২০০৭ সালে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল ম্যানইউ, গত বছর মার্চে দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে স্পোর্টিংকে হারিয়েছিল বায়ার্ন। সাবেক নামের ইউরোপিয়ান কাপে সবচেয়ে বড় ব্যবধানের জয়টি ১১-০ গোলের। ১৯৭৩ সালে ক্রুসেডার্সকে হারিয়েছিল ডায়নামো বুকেরেস্তি। ১৯৬৯ সালে রিকজাভিক ১২ গোল দিলেও ২ গোল খেয়ে ১০ গোলের ব্যবধানে জিতেছিল ফেইনুর্দ। সবচেয়ে বড় ব্যবধানের না হলেও এটি এখনো এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড।