গোল বেঁধেছে গোললাইন নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল হয়েছে, নাকি গোল হয়নি! বিভ্রান্তি কাটাতে নিয়ে আসা প্রযুক্তি ক্ষণিকের জন্য বিভ্রান্তিই ছড়াল l এএফপি
গোল হয়েছে, নাকি গোল হয়নি! বিভ্রান্তি কাটাতে নিয়ে আসা প্রযুক্তি ক্ষণিকের জন্য বিভ্রান্তিই ছড়াল l এএফপি

করিম বেনজেমার ভলিটা পোস্টে লেগে ফিরে এল। বড় পর্দায় দেখাল, গোল হয়নি। কিন্তু পোস্টে লেগেই সেটা আবার ফিরে এল হন্ডুরাস গোলরক্ষক নোয়েল ভায়াদারেসের কাছে। হ্যঁাচোড়প্যঁাচোড় করে সেটা আটকানোর চেষ্টা করেও পারলেন না ভায়াদারেস। শেষ পর্যন্ত বলটা ঠিকই লাইন অতিক্রম করল। আর এই গোলটাই গড়ে ফেলল ইতিহাস। এই প্রথম বিশ্বকাপে গোললাইন প্রযুক্তির সাহায্যে গোল পেল কোনো দল। কিন্তু কোথায় প্রযুক্তিকে সবাই স্বাগত জানাবে, উল্টো এখন সেটা নিয়ে চলছে অনভিপ্রেত বিতর্ক।
পরীক্ষামূলকভাবে ফিফা এবারের বিশ্বকাপে গোললাইন প্রযুক্তি চালু করেছিল। কিন্তু পরশু সেটি বিভ্রান্তিই তৈরি করল বেশি। কয়েক সেকেন্ডের ব্যবধানে মাঠের বড় স্ক্রিনে একবার লেখা উঠল গোল হয়নি, আরেকবার লেখা উঠল গোল হয়েছে। প্রযুক্তির আসলে দোষও নেই। বেনজেমার শট প্রথমে ফিরে এসেছে পোস্টে লেগে। কিন্তু গোলরক্ষকের গায়ে ধাক্কা লেগে কোনোমতে লাইন অতিক্রম করেছে। প্রথমবার তাই দেখানো হয় গোল হয়নি, পরে দেখানো হয় গোল হয়েছে। পুরো ব্যাপারটি এত দ্রুত ঘটেছে, এ নিয়ে বিভ্রান্তি জাগাই স্বাভাবিক।
মাঠেই একপশলা কথা-কাটাকাটি হয়ে গেছে দুই কোচ ফ্রান্সের দিদিয়ের দেশম ও হন্ডুরাসের লুইস ফার্নান্দো সুয়ারেজের মধ্যে। পরে সুয়ারেজ জানিয়ে দিয়েছেন, ‘গোল দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না। প্রথমবার কেন দেওয়া হলো না, আমার প্রশ্ন সেটা নিয়েই। দ্বিতীয় সিদ্ধান্তে গোল দেওয়া হলো, প্রথমবার দেওয়া হলো না। একটা যন্ত্র যদি প্রথমে এক কথা বলে, পরে আবার আরেক কথা বলে, কোনটাকে আমি সত্য ধরে নেব?’
প্রযুক্তির সুফল পাওয়ায় খুশি হওয়ার কথা ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের। অথচ দেশমও যেন ঠিক বুঝে উঠতে পারছেন না প্রযুক্তিটাকে, ‘গোললাইন প্রযুক্তিটা বেশ ভালো। সংকেতের ওপর ভর করে একটা সিদ্ধান্ত নেন রেফারি। কিন্তু পর্দায় যা দেখানো হলো, সেটা মানুষ বুঝে উঠতে পারেনি। এটা প্রথম মুহূর্তটাই দেখাচ্ছিল যখন বলটা ভেতরে যায়নি। আমি বুঝতে পেরেছিলাম কেন ওদের কোচ নার্ভাস হয়ে গিয়েছিলেন। ওই দৃশ্যটা রেফারিকে সিদ্ধান্ত নিতে সাহায্য করার ও সবার কাছে ব্যাপারটা পরিষ্কার করার কথা ছিল। কিন্তু সে রকম কিছু হয়নি।’