গোল হয়েও গোল নয়!
শেষ বাঁশি বাজতেই পঞ্চম রেফারির দিকে একরকম তেড়ে গেলেন আন্দ্রেই শেভচেঙ্কো। ওলেগ ব্লোখিন তো ফুঁসছিলেন আধঘণ্টা ধরেই। শেষ বাঁশির পর কী সব বলতে বলতে এদিক-সেদিক ছোটাছুটি করলেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের সঙ্গে তো লেগেই গেল। ইউক্রেন কোচ নাকি ওই সাংবাদিককে বলেছেন, ‘এখানে কী, বাইরে চলুন, কিছু পুরুষালি বাতচিত হয়ে যাক!’ একে তো দল ছিটকে গেছে দেশের মাটির টুর্নামেন্ট থেকে, তারপর গোল করেও গোল না পেলে কি মাথা ঠিক থাকে?গোললাইন প্রযুক্তি নিয়ে চলমান বিতর্কের আগুনে আরেক দফা ঘি ঢেলেছে ইউক্রেন-ইংল্যান্ড ম্যাচ। প্রাপ্য একটা গোল পায়নি ইউক্রেন, যেটি সমতায় ফেরাত স্বাগতিকদের। কে জানে, এরপর হয়তো ম্যাচ জিতে শেষ আটেও যেত তারা! ঘটনা ম্যাচের ৬২ মিনিটের। মার্কো ডেভিচের শট হাতে লাগিয়েও থামাতে পারেননি ইংলিশ গোলরক্ষক জো হার্ট। পেছন থেকে ছুটে গিয়ে অ্যাক্রোবেটিক ভঙ্গিতে বল মাঠে ফেরান জন টেরি। তবে টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে, বল গোললাইন পেরিয়ে গেছে। গোললাইনের রেফারি সংকেত দেননি গোলের। গত বিশ্বকাপে ঠিক উল্টো অভিজ্ঞতা হয়েছিল ইংল্যান্ডের। দ্বিতীয় রাউন্ডে জার্মানির বিপক্ষে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শট ফিরে এসেছিল গোললাইনের ভেতর থেকে। সেবারও গোল দেননি রেফারি। ইংল্যান্ড তাই এটিকে বলতে পারে নিয়তির বিচার। তবে ইউক্রেনের কাছে এটি বুকভাঙা কষ্ট। কোচ ব্লোখিন ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই ছিলেন ক্ষুব্ধ, ‘কী-ই বা বলতে পারি আমি! পাঁচজন রেফারি ছিল মাঠে, বল ঢুকেছিল গোললাইনের ৭৫ সেন্টিমিটার ভেতরে। পাঁচজন রেফারির প্রয়োজনটা কী তাহলে?’ বিতর্কে রসদ জুগিয়েছে ফিফাপ্রধান সেপ ব্ল্যাটারের টুইট, ‘এই ম্যাচের পর গোললাইন প্রযুক্তি শুধু একটা বিকল্প নয়, আবশ্যকতা।’ ফিফাপ্রধান বরাবরই গোললাইন প্রযুক্তির পক্ষে। কিন্তু উয়েফাপ্রধান মিশেল প্লাতিনি এর বিরুদ্ধে গো ধরেই বসে আছেন। গোললাইন প্রযুক্তির দাবিকে একবার বলেছিলেন ‘ননসেন্স।’ গোললাইন বিতর্ক থামাতেই দুই গোলবারে দুজন রেফারি রাখার নিয়ম করেছে উয়েফা। পরশু টিভি রিপ্লেতে দেখা গেছে, গোললাইনের রেফারি খুব ভালো পজিশনেও ছিলেন। তবু ধরতে পারেননি গোলটি। বিতর্ক থামাতে গোললাইন প্রযুক্তির যে বিকল্প নেই, এটা পরিষ্কার হচ্ছে ক্রমেই। পরশুর ম্যাচের পর প্লাতিনির অবস্থান কী হবে? এএফপি, রয়টার্স।