গোলও আসবে, বললেন নেইমার

সান্তোসের হয়ে ১০৩ ম্যাচে ৫৪ গোল। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৪২ ম্যাচে ২৬ গোল। গত জুনে অনুষ্ঠিত ফিফা কনফেডারেশন কাপে পাঁচ ম্যাচে করেছেন চার গোল। সেই নেইমার কেন বার্সেলোনার হয়ে গোল উত্সবে মেতে উঠতে পারছেন না? প্রশ্নটা ওঠা অস্বাভাবিক নয়।
স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে এ পর্যন্ত সাতটি ম্যাচে অংশ নিয়েছেন নেইমার—লা লিগায় চারটি, স্প্যানিশ সুপার কাপে দুটি এবং চ্যাম্পিয়নস লিগে একটি। এর মধ্যে কেবল একটি গোল করতে পেরেছেন, সেটা সুপার কাপে। বার্সা সতীর্থদের সহায়তা করেছেন তিনটি গোলে। পরিসংখ্যানের হিসাবে নেইমার তো ব্যর্থই।
তবে পরিসংখ্যান শুধু বোঝাতে পারবে না দলে তাঁর অবদানের কথা। এরই মধ্যে বার্সার আক্রমণভাগের অন্যতম অস্ত্র হয়ে উঠেছেন। বাঁয়ের উইংয়ে তাঁকে দিয়েই একের পর এক আক্রমণ শাণাচ্ছে বার্সেলোনা। তা ছাড়া ইউরোপে প্রথম খেলতে আসা নেইমারকে মানিয়ে নিতেও তো সময় দিতে হবে।
বার্সা কোচ জেরার্ডো মার্টিনো তাই নেইমারের গোলখরা নিয়ে চিন্তিত নন। নেইমারের গোল পাওয়ার চেয়েও কোচের কাছে বেশি গুরুত্বপূর্ণ দলের জয়ে তাঁর অবদান। কোচের মতো গোল নিয়ে চিন্তিত নন নেইমার নিজেও। স্প্যানিশ ক্রীড়াদৈনিক এএসকে দেওয়া সাক্ষাত্কারে বর্তমান সময়ের অন্যতম আলোচিত এই খেলোয়াড়ের কণ্ঠে ফুটে উঠল আত্মবিশ্বাস, ‘আমি বেশ কিছু সুযোগ মিস করেছি, তবে গোল আসবে। দলকে সহায়তা করাই আমার প্রথম চাওয়া। বার্সাকে অনেক কিছু দেওয়ার আছে আমার।’
প্রতিভায় কে সেরা—নেইমার না মেসি? নেইমার সান্তোসের হয়ে খেলার সময় প্রায়শই এ নিয়ে বিতর্ক হতো। দুজনে এখন একই ক্লাবের হয়ে খেলার সুবাদে সেই বিতর্কটা অনেকটাই থেমে গেছে। নেইমার অবশ্য কখনোই আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে নিজেকে তুলনা করতে রাজি হননি। ব্রাজিলীয় ফরোয়ার্ড বরং সব সময় বলে এসেছেন, তাঁর দেখা সেরা খেলোয়াড় মেসি। বার্সায় যোগ দেওয়ার সময়ও বলেছেন, চারটি ফিফা ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারাটা স্বপ্নপূরণের মতো। এই কদিন মেসির সঙ্গে খেলার পর ধারণাটা যেন আরও পোক্ত হয়েছে তাঁর। বিশেষ করে গত ম্যাচে মেসির দুর্দান্ত হ্যাটট্রিক দেখার পর। নেইমারের কণ্ঠে এখনো সেই মেসি-বন্দনা, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। তাঁর মতো প্রতিভাধর একজনের সঙ্গে খেলতে পেরে আমি খুশি।’