গোলকিপার ম্যারাডোনা
ফুটবলার জীবনে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়টির এক নম্বর শত্রু ছিলেন। কতজনকে যে ফেলেছিলেন শক্ত পরীক্ষায়। সেই ডিয়েগো ম্যারাডোনা এখানে গোলপোস্টের নিচে, তাঁরও কঠিন পরীক্ষা হলো নিশ্চয়ই! শিষ্যদের অনুশীলনে গোলরক্ষকের ভূমিকাটা বেছে নিয়েছিলেন নিজেই। বল ঠেকিয়েও দিলেন দক্ষ গোলরক্ষকের মতো। চোখেমুখে মুগ্ধতা, না নিজের প্রতিভায় নয়; বাজি ধরেই বলা যায়, যার শট ঠেকিয়েছেন, সেই শিষ্যের শট নিয়েই এই মুগ্ধতা। কোচ ম্যারাডোনা আর্জেন্টিনার এই দলের খেলোয়াড়দের কাছে বন্ধুর চেয়েও বেশি কিছু। এই ম্যারাডোনার চোখে খেলা করে অদ্ভুত এক সারল্য। আর দশটা কোচের সঙ্গে কিছুতেই মেলানো যায় না তাঁকে। মেলানো গেলে তিনি আর ম্যারাডোনাই বা কেন! আজ তাঁর দল কঠিন এক পরীক্ষায়। কোচ ম্যারাডোনার ভবিষ্যৎও হয়তো নির্ধারণ করে দেবে জার্মানির বিপক্ষে ম্যাচটির ফলাফল। অধিনায়ক ম্যারাডোনা নিজে একবার জিতেছেন জার্মানির বিপক্ষে, ১৯৮৬-এর ফাইনালে। একবার হেরেছেন, ১৯৯০-এ। কোচ ম্যারাডোনার জন্য কী অপেক্ষা করছে আজ? এএফপি