গোলখরা আর গোলবন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাগতিক হওয়ার সুবাদে বিশ্বকাপ বাছাইপর্বের চড়াই-উতরাইয়ে ব্রাজিলকে পড়তে হচ্ছে না। প্রীতি ম্যাচ খেলেই বিশ্বকাপের জন্য ঝালিয়ে নিতে হচ্ছে পাঁচবারের বিশ্বকাপজয়ীদের। গত শুক্রবার সাও পাওলোতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেলেসাওদের ম্যাচটা অবশ্য মন রাঙাতে পারেনি দর্শকের। হাল্কের একমাত্র গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বেশ কষ্টে। ব্রাজিলের দুর্দশার উল্টো দিকে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও সময়ের বিশ্বসেরা দল স্পেন প্রীতি ম্যাচে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সৌদি আরবকে। মাঠে দর্শকের দুয়ো হজম করা নখদন্তহীন ব্রাজিলিয়ানরা পরশুর প্রীতি ম্যাচে একটু ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। এ সময়ই তাদের আক্রমণে খানিকটা ধার ফেরে, ৭৫ মিনিটে আগে সদ্য জেনিত সেন্ট পিটার্সবার্গে যোগ দেওয়া স্ট্রাইকার হাল্কের গোলে স্বস্তিও ফেরে ব্রাজিল শিবিরে। তবে প্রতিশ্রুতিশীল আক্রমণভাগ নিয়েও নিষপ্রভ পারফরম্যান্সের পর কোচ মানো মেনেজেসকে আরেক দফায় কাঠগড়ায় দাঁড়াতে হবে নিশ্চিতভাবেই। র‌্যাঙ্কিংয়ে ৬২ ধাপ নিচের দলের সঙ্গেই যদি নাভিশ্বাস উঠে যায়, তাহলে সমালোচনা তো হবেই। মেনেজেস অবশ্য নেইমারদের পাশেই দাঁড়িয়েছেন, ‘আমার তো মনে হয় খুব ভালো খেলতে না পারলেও কিন্তু একেবারে খারাপ ছিলাম না আমরা।’ দর্শকদের দুয়োটাও তাই তরুণদের প্রাপ্য নয় বলেই মনে করেন, ‘এসব (দুয়ো) ছিল খুবই অস্বস্তিকর। সমর্থন না পেলে ছেলেরা তো খারাপ করবেই।’ নেইমারও দর্শকদের ওপর নাখোশ, ‘সবাই জানে, আমরা দারুণ কিছু করতে পারিনি, তবুও তো আমরা জিতেছি। আমি সমর্থকদের তো আমার জন্য গলা ফাটাতে বলি না, আমি দলের জন্যই উৎসাহ দিতে বলি।’” সেই ডিসেম্বরে পা ভেঙে যাওয়ার নয় মাস পর আবার লাল-সোনালি জার্সি গায়ে চড়ালেন ডেভিড ভিয়া। প্রত্যাবর্তনটা তাঁর স্মরণীয়ই হলো, বদলি হিসেবে নেমে গোল করেছেন পেনাল্টি থেকে। সৌদি আরবকে নিজেদের মাঠে ৫-০ গোলে বিধ্বস্তই করল লা ফুরিয়া রোজারা। গোল-উৎসবের সূচনা করেন আর্সেনালের মিডফিল্ডার সান্তি কাজোরলা, এরপর জাভি একটি ও পেদ্রো করেন দুই গোল। ম্যাচটা বিশেষ করে মনে রাখবেন ফার্নান্দো তোরেসও, স্পেনের হয়ে এদিন যে শততম ম্যাচটা খেললেন চেলসির স্ট্রাইকার! রয়টার্স, ওয়েবসাইট।