গোলটাই পেল না ব্রাজিল
গত ২১ বছরে কোপা আমেরিকা যা দেখেনি, এবার তা-ই দেখছে। ফাইনালে থাকছে না ব্রাজিল। ফাইনাল তো দূর অস্ত, সেমিফাইনালের আগেই ছিটকে গেল গত পাঁচটি কোপায় চারবারের চ্যাম্পিয়নরা।ভালো খেলা-খারাপ খেলার বিচারও হয়তো গুরুত্বপূর্ণ। তবে শেষ পর্যন্ত ফুটবল গোলেরই খেলা। গত পরশু প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পুরো ম্যাচে প্রাধান্য বিছিয়ে রেখেও ব্রাজিল সেই গোলেরই দেখা পেল না। গোলশূন্য ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে তো নয়ই, এমনকি টাইব্রেকারেও নয়।আগের দিন আর্জেন্টিনাকে জয়বঞ্চিত করেছিলেন উরুগুইয়ান গোলরক্ষক মুসলেরা। পরদিন ব্রাজিলের সামনে প্রাচীর হয়ে দাঁড়ালেন প্যারাগুইয়ান গোলরক্ষক ভিলার। তবে ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিপক্ষের নাম ছিল আসলে ভাগ্য।প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনের কথাতেই ফুটে উঠল ম্যাচের আসল ছবিটা, ‘ব্রাজিলের সম্ভবত ৯০ মিনিটেই জেতার কথা ছিল। আমরা দুটি বল গোললাইন থেকে ফিরিয়েছি, আমাদের গোলকিপার ফিরিয়েছে অন্যগুলো। আমাদের চাওয়ার চেয়ে পুরো অন্যরকম একটা ম্যাচ খেলেছি আমরা....এটাই ছিল আমাদের পরিকল্পনা বলতে পারলে দারুণ হতো। তবে বলা উচিত, এটা লড়াই, গোলকিপারের নৈপূণ্য এবং ভাগ্যের বিপুল আনুকূল্যের ফসল।’প্যারাগুয়ের কোচই যখন এ কথা বলছেন, ব্রাজিলের কোচ তো বলবেনই। মানো মেনেজেসের কাছে একটাই ব্যাখ্যা, ‘দিনটি ব্রাজিলের ছিল না। আজ আমরা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু শুধু গোলটাই পাইনি। এমন একটা দলের কাছে আমরা সেমিফাইনালে জায়গা হারালাম, যারা টুর্নামেন্টে একটা ম্যাচও জিততে পারেনি। ফুটবল কখনো কখনো এমনই কঠিন, যা মেনে না নিয়ে উপায় থাকে না।’কোপার হতাশা পেছনে ফেলে মেনেজেস তাকাতে চান ২০১৪ সালে নিজেদের দেশে অনুষ্ঠেয় বিশ্বকাপের দিকে। রবিনহো ও এলানোও তা-ই। রবিনহো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার অন্ধকারেও ঠিকই আলোর রেখা দেখতে পাচ্ছেন, ‘আমি মনে করি, সব মিলিয়ে আমরা ভালো একটা কোপা খেলেছি। এখন আমাদের মনোবল শক্ত রাখতে হবে এবং নিজেদের দেশে বিশ্বকাপ জিততে হবে।’ এলানোরও একই সুর, তবে হতাশাটা গোপন করেননি তিনি, ‘এই পরাজয় আমাদের হূদয় ও স্মৃতিতে ক্ষতচিহ্ন হয়ে থাকবে। এই পরাজয় কখনোই মুছে যাবে না।’মিডফিল্ডার রামিরেজের কাছে অবশ্য ফুটবলের নিষ্ঠুরতার দিকটিই বেশি চোখে পড়ছে, ‘আজ আমরা যেভাবে খেলেছি, তাতে আমার পুরো ক্যারিয়ারে এর চেয়ে অন্যায় রেজাল্ট দেখিনি।’ ম্যাচের নায়ক প্যারাগুইয়ান গোলরক্ষক ভিলারের কথায় এরই সমর্থন, ‘ম্যাচে ব্রাজিলেরই একচ্ছত্র প্রাধান্য ছিল। আমরা অনেকবারই কোনোমতে ঠেকিয়ে গেছি। পেনাল্টি আসলে লটারি, আমরা তা ভালোভাবে নিয়েছি, ওরা ব্যর্থ হয়েছে।’১২০ মিনিটের ম্যাচে ব্রাজিলের গোলে একটিও শট নিতে পারেনি প্যারাগুয়ে। আর ব্রাজিল অনেকবারই গোল পেতে পেতে পায়নি। নেইমার ও পাতো একাধিক মিস করেছেন। মাইকন, লুসিও ও গানসোর প্রচেষ্টা গোল হতে পারেনি শুধু ভিলারের কৃতিত্বে।শেষ পর্যন্ত তাই পেনাল্টি শ্যুটআউট। পেনাল্টি শ্যুটআউট মানেই নাটক। তবে এই ম্যাচে যা হয়েছে, সেটিকে বলা উচিত মহানাটক। প্রথম শট নিতে গিয়েই এলানো উড়িয়ে মারলেন বাইরে। প্যারাগুয়ের ব্যারেটোও তা-ই। কিন্তু এরপর প্যারাগুয়ের এস্তিগারিবিয়া ও রিভেরোস গোল করলেও ব্রাজিল আর জালে বলই পাঠাতে পারল না। থিয়াগো সিলভার শট ঠেকিয়ে দিলেন ভিলার। বাইরে মারলেন আন্দ্রেস সান্তোস ও ফ্রেড। ফ্রেড মিস করার পরই ম্যাচ শেষ! টাইব্রেকারের শেষ তিনটি শট আর নিতেই হলো না!লা প্লাটার মাঠ ছিল এই পর্যায়ের ম্যাচের সঙ্গে একেবারেই বেমানান। পেনাল্টি নেওয়ার সময়ও উঠে যাচ্ছিল আশপাশের মাটি। ব্রাজিলের খেলোয়াড়েরা পেনাল্টি মিস করে খরচোখে তাকিয়ে থেকেছেন এর দিকে। পেনাল্টিতে শোচনীয় ব্যর্থতার জন্য পেনাল্টি স্পটের দুরবস্থাকে অংশত দায়ী করেও পরে মেনেজেস আশ্রয় নিয়েছেন দার্শনিকতার, ‘ফুটবলে এমন হয়ই, মেনেও নিতে হয়।’মেনে না নিয়ে আর উপায় কী! তথ্যসূত্র: এএফপি ও রয়টার্স।