গোলপোস্ট কিনে তবেই স্বস্তি!
ফুটবল মাঠে গোলপোস্ট অপরিহার্য। এটার মধ্য দিয়েই নির্ধারিত হয় জয়-পরাজয়। সেই গোলপোস্ট কিনে নেওয়ার খবরটি চমকপ্রদই বটে! বিস্ময়কর হলেও এ কাজটিই করেছে ফরাসি ক্লাব সেইন্ট এতিয়ে।
গোলপোস্ট দিয়ে কী হবে? ২০ হাজার ইউরো খরচায় ফরাসি ক্লাবের গোলপোস্ট কেনার খবরে প্রশ্নটা ওঠাই স্বাভাবিক। হ্যাঁ, গোলপোস্ট দিয়ে কাজের কাজ কিছুই হবে না। তবে এটি কিনতে পেরে ক্লাবটি স্বস্তিই পেয়েছে বলতে হয়। হতে পারে সেটা একধরনের প্রতিশোধ! এই গোলপোস্ট যে ক্লাবটির দীর্ঘ ৩৭ বছরের ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে!
ঘটনাটা ১৯৭৬ সালের। ইউরোপিয়ান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল এতিয়ে। ফরাসি ক্লাবটির সমর্থকদের বিশ্বাস, ওই গোলপোস্ট চারকোনা আকৃতির ছিল বলেই হারতে হয়েছিল এতিয়েকে। সমর্থকদের বিশ্বাস, গোলাকৃতির পোস্ট হলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। তিন যুগেরও বেশি সময় পর সেই গোলপোস্ট কিনে নিল এতিয়ে কর্তৃপক্ষ। ডিসেম্বরে চালু হতে চলা নিজেদের জাদুঘরে সেটা ঠাঁই পাবে বলে জানিয়েছেন এতিয়ের প্রেসিডেন্ট রোলান্ড রোমিয়ার, ‘১০ বছরের বেশি সময় ধরে জাদুঘর নিয়ে কাজ করছি আমরা। এই গোলপোস্ট সেখানেই থাকবে।’