গোলবন্যার রাতে রোনালদো-উৎকণ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট পেয়ে বেরিয়ে যেতে হচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদোর মন তো খারাপ হবেই। পরশু আলমেরিয়ায় ষ রয়টার্স
চোট পেয়ে বেরিয়ে যেতে হচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদোর মন তো খারাপ হবেই। পরশু আলমেরিয়ায় ষ রয়টার্স

একটু আশঙ্কা তো ছিলই। আশঙ্কা থেকেই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে প্রশ্ন করা হয়েছিল—রোনালদোর ওপর কি একটু বেশি চাপ পড়ে যাচ্ছে না? ওকে কি বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন?
মাদ্রিদ কোচ হেসে জবাব দিয়েছিলেন, ‘যদি ওকে ক্লান্ত মনে করি তাহলে অবশ্যই বিশ্রাম দেব। কিন্তু এই মুহূর্তে তো আমার ওকে মোটেও ক্লান্ত মনে হচ্ছে না।’
আসলে শুধু ক্লান্তিরও ব্যাপার নয়। কোনো ফুটবলার যখন দুর্দান্ত ফর্মে থাকেন, সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে খেলেন, তখন তাঁর দিকে প্রতিপক্ষের একটু বাড়তি নজর থাকেই। তাঁকে আটকাতে বাড়তি পরিকল্পনা করা হয়। এ রকম ম্যাচে তাই হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত চোট পেয়ে যাওয়া অস্বাভাবিক নয়। আশঙ্কা সত্যি, পরশু রাতে রোনালদো ও রকম চোট পেয়েই মাঠ ছাড়লেন!
বদলি হয়ে উঠে যান ৫৪ মিনিটে, তবে এর আগেই আলমেরিয়ার জালে একটা গোল দিয়ে গেছেন। রোনালদো মাঠ ছাড়ার সময় রিয়াল এগিয়ে ওই এক গোলেই। পরে অবশ্য বেনজেমা, বেল, ইসকো আর মোরাতা আরও চার গোল করে উড়িয়ে দিয়েছেন আলমেরিয়াকে। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়ালের এই বিশাল জয়ের চেয়েও রোনালদোর চোট নিয়েই বেশি কথা বলতে হলো আনচেলত্তিকে। তবে রোনালদোকে নিয়ে এত ভাবনার কিছু নেই বলেই সমর্থকদের আশ্বস্ত করেছেন কোচ, ‘গুরুতর কিছু নয়। ওর একটু সমস্যা হচ্ছিল তাই তুলে নিয়েছি। তবে ভয়ের কিছু নেই কারণ ওর কোনো ব্যথা নেই।’ চোটের কারণে লিওনেল মেসি নেই। এই সময় যদিও রোনালদোকেও মাঠের বাইরে চলে যেতে হতো তাহলে একই সঙ্গে বিশ্বের সেরা দুই ফুটবলারকে কিছুদিন না দেখার আক্ষেপে পুড়তেন ফুটবলানুরাগীরা। আপাতত যে সেই আক্ষেপ করতে হচ্ছে না সেটা পরে রিয়ালের ওয়েবসাইটে বিবৃতি দিয়েই নিশ্চিত করেছেন রোনালদো, ‘বদলি হয়ে যাওয়াটা শুধুই সতর্কতা ছিল। ওরা প্রথমার্ধে আমাকে একটা লাথি মেরেছিল, পরে টের পেলাম মাংসপেশিতে একটু টান লাগছে। তবে খুব গুরুতর কিছু নয়।’
রোনালদোর এই চোট নিয়ে কিছুটা উৎকণ্ঠা ছড়ানো ছাড়া লা লিগায় পরশু রাতটা দুর্দান্ত কেটেছে পরাশক্তিগুলোর। রিয়ালের ৫-০ গোলের বিশাল জয়ের আগেই ন্যু ক্যাম্পে বার্সেলোনা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে গ্রানাডাকে। চোটের কারণে মাঠের বাইরে থাকা মেসি, ভালদেস, জাভি, আলভেস ও আলবাহীন বার্সার সামনেও দাঁড়াতে পারেনি গ্রানাডা। তবে এদিন সবচেয়ে বড় জয়টা পেয়েছে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। গেটাফেকে ৭-০ গোলে হারের লজ্জায় ডুবিয়েছে ডিয়েগো সিমিওনের দল। দারুণ জয়ে লিগের দ্বিতীয় স্থানটাও ধরে রেখেছে অ্যাটলেটিকো। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা আর ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল।
প্রতিদ্বন্দ্বিতামুখর অন্য ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ৪-৩ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে। চার ম্যাচে ২৩ গোল! লা লিগায় পরশু রাতে যেন সত্যিই গোলবন্যা বয়ে গেল! এএফপি।