গোলবন্যায় বার্সার জয়ে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরশত্রু রিয়াল মাদ্রিদকে অপেক্ষাতেই রাখল বার্সেলোনা। পরশু দিনের শুরুতেই সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান ১০-এ নিয়ে গিয়েছিল রিয়াল। রায়ো ভায়েকানোর মাঠে বার্সেলোনা হারলেই রিয়াল মেতে উঠত তিন মৌসুম পর লিগ শিরোপা জয়ের উৎসবে। কিন্তু বার্সেলোনা হারা দূরে থাক, ভায়োকানোকে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে।এতে শুধু যে রিয়ালের উৎসবটা বিলম্বিতই করা গেছে তা নয়, বার্সেলোনা ফিরে পেয়েছে নিজেদের সেই প্রাণোচ্ছল ফুটবলকেও। গত সপ্তাহটি কেটেছে দুঃসহ যন্ত্রণায়। বার্সার লা লিগা জয়ের শেষ আশাটুকু কার্যত শেষ হয়ে যায় এল ক্লাসিকোতে হেরে। চেলসির কাছে হেরে নিভে গেছে চ্যাম্পিয়নস লিগের স্বপ্নও। তবে বার্সা শিবিরে আরও বড় হতাশাটা আসে গত শুক্রবার যখন কোচ পেপ গার্দিওলা যখন ঘোষণা দেন, মৌসুম শেষেই সরে দাঁড়াবেন কোচের পদ থেকে। এত এত হতাশা বার্সার মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলে কি না শঙ্কিত ছিল অনেকেই। কিন্তু ভায়োকানোকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে মেসি-পেদ্রোরা প্রমাণ করেছেন বার্সা আছে তাদের মতোই।শিরোপা জয়ের আর আশা নেই বলেই হয়তো বলতে গেলে দ্বিতীয় একাদশ মাঠে নামিয়েছিলেন গার্দিওলা! গোলরক্ষক ভিক্টর ভালদেজ, দানি আলভেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সেস ফ্যাব্রিগাসদের ঠাঁই হয় বদলি তালিকায়। জাভি, জেরার্ড পিকে ছিলেন না দলেই! তার পরও মেসি-পেদ্রোরা ভায়োকানোকে ভাসিয়েছেন গোলবন্যায়। মেসি-পেদ্রো দুজনই করেছেন দুটি করে গোল। সেইডু কেইটা, থিয়াগো সিলভা করেছেন একটি করে। অন্য গোলটি আত্মঘাতী।১৬ মিনিটে শুরুটা করেন মেসি। ৯০ মিনিটে দলের শেষ গোলটিও তাঁর। শুধু শুরু আর শেষ নয়, মেসি-রাজত্ব ছিল পুরো ম্যাচেই। নিজে তো দুটি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি গোল। এই দুই গোল করে পিচিচি ট্রফির দাবিটা রোনালদোর সঙ্গে সমস্বরেই জানিয়ে রাখলেন আর্জেন্টাইন জাদুকর। দিনের প্রথম ম্যাচে সেভিয়ার বিপক্ষে এক গোল করে মেসির চেয়ে ২ গোলে এগিয়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ওটা ছিল তাঁর ৪৩তম লিগ গোল। মেসিরও হলো ৪৩ গোল। সব মিলিয়ে মৌসুমে মেসির গোলসংখ্যা এখন ৬৫। আর দুটি হলেই ছুঁয়ে ফেলবেন এক মৌসুমে জার্মান কিংবদন্তি জার্ড মুলারের ৬৭ গোলের রেকর্ড। বার্সা রিয়ালের অপেক্ষাটা বাড়িয়েছে বটে; তবে ৪৮ ঘণ্টা পরই অপেক্ষার পর্বটা শেষ হয়ে যেতে পারে। আগামীকাল অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে জিতলেই তিন মৌসুম পর সান্তিয়াগো বার্নাব্যু মেতে উঠবে শিরোপা উৎসবে। এএফপি, রয়টার্স।