গোলবন্যায় ভাসল তাহিতি
উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৭১ শতাংশ সময় বল ছিল স্পেনের দখলে। আর গতকাল নবাগত দল তাহিতির বিপক্ষে এই সংখ্যাটা ছিল ৬৭। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে কি তাহলে তাহিতি কিছুটা ভালোই খেলল? স্কোরলাইন দেখে অবশ্য এই প্রশ্নের উত্তর খুঁজতে যাওয়া একেবারেই অবান্তর। তাহিতির জালে গতকাল ১০ বার বল পাঠিয়েছেন তোরেস, সিলভা আর ভিয়ারা। ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারলেও মারাকানা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মন জয় করে নিয়েছেন তাহিতির আধা পেশাদার ফুটবলাররা। ম্যাচ শেষে পুঁচকে তাহিতির প্রশংসা করেছেন স্প্যানিশ ফুটবলাররাও। বিশ্বসেরাদের বিপক্ষে এর চেয়ে বেশি কোনো প্রত্যাশা কি থাকার কথা ছিল তাহিতিয়ানদের?নাইজেরিয়ার বিপক্ষে ৬-১ গোলের হার দিয়ে কনফেডারেশনস কাপ শুরু করেছিল তাহিতি। স্পেনের বিপক্ষেও যে বড় ব্যবধানে হার নিশ্চিত, এটা জেনেই মাঠে নেমেছিলেন তাহিতির ফুটবলাররা। তার পরও শুধুই গোলবার আগলে খেলার চেষ্টা করেননি তাঁরা। যখনই বল পেয়েছেন, চেষ্টা করেছেন আক্রমণের। ম্যাচ শেষে তাই ফিফা র্যাঙ্কিংয়ের ১৩৮তম দলটির প্রশংসা না করে পারেননি ফার্নান্দো তোরেস। বলেছেন, ‘প্রায়ই নিচের সারির দলগুলো কোনো আশা বা মানসিক শক্তি ছাড়াই মাঠে নামে। কিন্তু তাহিতি খুবই ভালো একটা উদাহরণ তৈরি করেছে যে কীভাবে ফুটবল খেলতে হয়।’ এই তোরেসই গতকাল সবচেয়ে বেশি সর্বনাশ করেছেন তাহিতির। তাঁর পা থেকেই এসেছে স্পেনের চারটি গোল। ডেভিড ভিয়া হ্যাটট্রিক, ডেভিড সিলভা দুই আর জুয়ান মাটা করেছেন একটি গোল। পরে অবশ্য একটা পেনাল্টি মিস করেছেন তোরেস।ব্রাজিলের ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামের সমর্থকেরা গতকাল পূর্ণ সমর্থন দিয়েছেন তাহিতিকে। তাদের প্রতিটি পাস, প্রতিটি ট্যাকল অভিনন্দিত হয়েছে ব্যাপকভাবে। দুটি নিশ্চিত গোল রুখে দিয়ে তাহিতির ২০ বছর বয়সী গোলরক্ষক মিকেল রচেই সবচেয়ে বেশি হাততালি কুড়িয়েছেন।টানা দুটি ম্যাচেই জয় দিয়ে কনফেডারেশনস কাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে স্পেন। ২৩ জুন তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা নাইজেরিয়ার বিপক্ষে। একই দিনে উরুগুয়ের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে তাহিতি।— রয়টার্স