গোলরক্ষক দম্পতির গল্প

মাঠে দুজনের একই দায়িত্ব—গোলপোস্ট আগলানো। মাঠের বাইরে দায়িত্বটাও এক রকমই বলা যায়। দুজনকেই আগলাতে হয় একটা সংসার! গল্পটা বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের গোলরক্ষক সাবিনা আক্তার ও তাঁর স্বামী গোলরক্ষক রাজু আহমেদের।
মেয়েদের মধ্যে দেশসেরা গোলরক্ষক সাবিনা ঘরোয়া ফুটবলে খেলেন মোহামেডান, আবাহনী ও বিজেএমসির হয়ে। তবে রাজু এখনো একজন ‘আমিনুল’ বা ‘বিপ্লব’ হয়ে উঠতে পারেননি। যশোর আবাহনীতে খেলেছেন কয়েক বছর, গত মৌসুমে খেলেছেন নারায়ণগঞ্জের দ্বিতীয় বিভাগের দল স্বাধীনতা ক্রীড়াচক্রে। রাজুর দলটি এবার উঠে গেছে প্রথম বিভাগে।
যশোরের এই গোলরক্ষক দম্পতির বিয়েটা হয়েছে বছর দুয়েক আগে। ধর্মতলার মেয়ে সাবিনা অনুশীলনে যেতেন উপশহর মাঠে। মনিহার মোড় থেকে একই মাঠে অনুশীলন করতে আসতেন রাজুও। বিয়ের আগে মাঠেই দুজনের সামান্য আলাপ-পরিচয়। তারপর ভালো লাগা থেকে ভালোবাসা। তবে বিয়েটা হয়েছে পারিবারিকভাবেই।
এত কিছু রেখে গোলরক্ষক হতে গেলেন কেন? ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার রাজু বললেন, ‘আমার এক ভাই আমার উচ্চতা দেখে বলতেন, তুই গোলপোস্টে দাঁড়াবি। আমিও ভালোই করতে লাগলাম কিপিংয়ে। এরপর যশোর আবাহনীর নিয়মিত গোলরক্ষক হয়ে গেলাম।’ সাবিনাও তো গোলরক্ষক, ব্যাপারটা কেমন লাগে? রাজুর উত্তর, ‘ভালোই লাগে।’

সাবিনার কাছে শ্বশুরবাড়ির বিষয়টা এখনো লজ্জার আবরণে ঢাকা। রাজু সম্পর্কে প্রথমে লজ্জায় কিছু বলতেই চাননি। পরে বললেন, ‘ও খুবই ভালো কিপার।’ রাজুর খেলা কখনো মাঠে বসে দেখেননি সাবিনা। তবে মাঠে বা টেলিভিশনে যেভাবেই হোক না কেন, সাবিনার প্রায় সব ম্যাচই রাজু দেখেন। গত মে মাসে মহিলা এশিয়ান কাপের বাছাইপর্বে থাইল্যান্ড-বাংলাদেশ ম্যাচটি রাজু দেখেছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে বসে। ব্যস্ততার কারণে পরদিনই যেতে হয়েছিল যশোরে। সাবিনার বাকি ম্যাচগুলো টেলিভিশনে দেখেছেন। স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রাজু, ‘ও দেশের সেরা গোলরক্ষক। অনুশীলনেও খুবই মনোযোগী। সাবিনা অনেক দূরে যাবে।’ সাবিনার মতো লাল-সবুজের জার্সি পরতে ইচ্ছা করে রাজুরও, ‘কার না স্বপ্ন থাকে দেশের হয়ে খেলার? আমিও খেলতে চাই জাতীয় দলে। তবে এই জেদটা কাজে লাগানোর মতো সুযোগ সব সময় পাই না।’ খেলার পাশাপাশি মোটর পার্টসের ব্যবসা করেন রাজু। যশোরের মনিহার মোড়ে তাঁর দোকান। দৈনিক পত্রিকা ও সাপ্তাহিক ম্যাগাজিনে সাবিনার ছাপা হওয়া সব ছবি কেটে যত্ন করে সংগ্রহে রাখেন। সাবিনার মতো খেলতে পারেন না বলে এতটুকু ঈর্ষা নেই। বরং সাবিনার খেলা দেখে রাজু খুশি, ‘ওর খেলা দেখেই আমার আনন্দ। ও খেলুক সেটাই আমি চাই।’
একই শহরে দুজনের বাস। কিন্তু দেখা-সাক্ষাতের উপলক্ষ অনুশীলন মাঠ। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি বলেই সাবিনা এখনো বাবার বাড়িতেই থাকেন। আর দশটা বাঙালি মেয়ের মতো হাতে চুড়ি পরে ঘরকন্নায় ব্যস্ত থাকতে হয় না সাবিনাকে। তাঁর দুহাতে চুড়ির বদলে থাকে কিপিং গ্লাভস। এমন খেলোয়াড় বউকেও খুশি মনেই মেনে নিয়েছেন শ্বশুরবাড়ির সবাই। সাবিনাও খুশি, ‘আমার শ্বশুর-শাশুড়ি এবং পরিবারের অন্যরাও আমাকে খেলার ব্যাপারে খুব উৎসাহ দেয়।’ এখনই পুরোদস্তুর গৃহিণী হওয়ার ইচ্ছা নেই তাঁর, ‘এখন আমি লেখাপড়া করছি। পাশাপাশি বিজেএমসি ও জাতীয় দলে খেলছি। আমি এখনই সংসার করতে চাই না। নিজেকে আরও একটু গুছিয়ে নিতে চাই।’