গোলরক্ষক না চীনের প্রাচীর?

ইকার ক্যাসিয়াস, জিয়ানলুইজি বুফন, ম্যানুয়েল নয়্যার, থিবো কোর্তোয়া; এবারের বিশ্বকাপের সেরা গোলরক্ষকদের কথা বলতে গেলে নিশ্চিতভাবে এই নামগুলোই মনে আসবে। গিলের্মো ওচোয়া নামের এক গোলরক্ষকও যে এবারের বিশ্বকাপে অংশ নিয়েছেন, সেটা মাথায় রাখার কোনো কারণও ছিল না। কিন্তু মেক্সিকোর এই অখ্যাত গোলরক্ষকই এখন দখল করে নিয়েছেন সবার মনোভূমি। স্বাগতিক ব্রাজিলকে প্রায় একাই রুখে দিয়েছেন ওচোয়া।
শুরু থেকেই মেক্সিকোর রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালিয়েছেন নেইমার-অস্কাররা। কিন্তু মেক্সিকোর গোলপোস্টের নিচে ওচোয়া দাঁড়িয়ে ছিলেন চীনের দেয়ালের মতো। ২৮ বছর বয়সী এই গোলরক্ষকের বিশ্বস্ত হাত ফাঁকি দিয়ে একটি বলও জড়াতে পারেনি মেক্সিকোর জালে। এবারের বিশ্বকাপে গোলরক্ষকদের সেরা পারফরম্যান্সের হিসাব করতে গেলে নিশ্চিতভাবেই আসবে ওচোয়ার নাম। মেক্সিকান এই গোলরক্ষকের নামটা হয়তো স্থায়ী হয়ে যেতে পারে বিশ্বকাপ ইতিহাসেরই সেরা পারফরম্যান্সের তালিকায়।
১৯৭০ সালে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের একটি জোরালো হেড দুর্দান্ত দক্ষতায় রুখে দিয়েছিলেন ইংলিশ গোলরক্ষক গর্ডন ব্যাঙ্কস। সেটাও ছিল সেই বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ। গতকাল ওচোয়া দারুণভাবেই ফিরিয়ে এনেছেন সেই মেক্সিকো বিশ্বকাপের স্মৃতি। পেলেরই উত্তরসূরি নেইমারের হেড প্রায় একই কায়দায় রুখে দিয়েছেন ওচোয়া।
শুধু এই একবারই না, ব্রাজিলের আরও অন্তত পাঁচটি গোলপ্রচেষ্টা নস্যাত্ করে দিয়েছেন এই মেক্সিকান গোলরক্ষক। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে ওচোয়ারই হাতে।
অথচ এবারের বিশ্বকাপে আসার আগে বেশ কঠিন সময়ই পার করতে হয়েছে ওচোয়াকে। ২০১১ সালে ডোপ কেলেঙ্কারিতে জড়ানোয় সম্ভাবনাময় ফুটবল ক্যারিয়ারটাই পড়ে গিয়েছিল হুমকির মুখে। প্যারিস সেইন্ট জার্মেইন, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শীর্ষ ক্লাবগুলোতে খেলার সুযোগও হারিয়েছিলেন। সে সময় থেকে খেলছেন ফরাসি লিগের নিচের সারির দল আজাসিওতে। এ বছর তাঁর ক্লাব নেমে গেছে দ্বিতীয় বিভাগে।
আন্তর্জাতিক ফুটবলেও নিজের সক্ষমতা প্রমাণের সুযোগ খুব কমই পেয়েছেন ওচোয়া। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন বটে। কিন্তু কোনোবারই মাঠে নামার সুযোগ পাননি। এবার সুযোগ পেয়েই নিজেকে উজাড় করে দিয়েছেন মেক্সিকান এই গোলরক্ষক।