গোলরক্ষকের ভালো-মন্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ১০ দিন বাকি। দুরুদুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকবে। আজ থাকছে ‘১০’ সংখ্যাটি নিয়ে—

পিটার শিলটন
পিটার শিলটন

ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত একটি গোল সবচেয়ে কাছ থেকে দেখেছিলেন পিটার শিলটন। ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংলিশ এই গোলরক্ষককে বোকা বানিয়েই হাত দিয়ে গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। ‘হ্যান্ড অব গডে’র নির্মম শিকার এই শিলটনই কিন্তু বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক। বিশ্বকাপে সর্বোচ্চ ১০ ম্যাচ গোল হজম না করার রেকর্ডটি এখনো আছে শিলটনের দখলে। ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনটি বিশ্বকাপে অংশ নিয়ে এই রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের জার্সি গায়ে সর্বোচ্চ ১২৫টি ম্যাচ খেলা এই ফুটবলার। ২০০৬ সালে অবশ্য এই রেকর্ডে ভাগ বসিয়েছেন ফ্যাবিয়ান বার্থেজ। ফরাসি এই গোলরক্ষকও খেলেছেন তিনটি বিশ্বকাপ।

গোল হজম করার দিক দিয়েও স্মরণীয় হয়ে আছে এই ‘১০’ সংখ্যাটি। ১৯৮২ সালের বিশ্বকাপে এল সালভাদরকে ১০-১ গোলে হারিয়েছিল হাঙ্গেরি। এক ম্যাচে সবচেয়ে বেশি ১০টি গোল হজম করার রেকর্ডটি আজও আছে এল সালভাদরের গোলরক্ষক লুইস গুয়েভারা মোরার দখলে। অথচ সেবারের বাছাইপর্বে মোরা হজম করেছিলেন মাত্র একটি গোল। তাঁকে এখনো বিবেচনা করা হয় এল সালভাদরের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে।