গোললাইন-প্রযুক্তি আগামী বিশ্বকাপেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোললাইন-প্রযুক্তি ফুটবলে আসবে কি না, তা চূড়ান্ত হয়নি এখনো। এ নিয়ে আছে নানা মুনির নানা মত। তবে ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার জানিয়েছেন, ভবিষ্যতের বিশ্বকাপগুলোতে আর কোনো ‘ফ্রাংক ল্যাম্পার্ড জাতীয় ঘটনা’ দেখা যাবে না। তার অর্থ কি দাঁড়ায়, ফুটবলে গোললাইন-প্রযুক্তি চূড়ান্তভাবে গ্রহণ করতে চলেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা? ফিফা যে গোললাইন-প্রযুক্তির পথেই হাঁটছে, তার সবচেয়ে বড় প্রমাণ চলমান বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপে দুই ধরনের গোললাইন-প্রযুক্তির ব্যবহার। জাপানে অনুষ্ঠানরত বিশ্ব ক্লাব ফুটবলে ‘হক আই’ ও ‘গোল রেফ’ নামের দুটি প্রযুক্তিই ব্যবহূত হচ্ছে। তবে ফিফা চূড়ান্তভাবে কোন ধরনের গোললাইন-প্রযুক্তি গ্রহণ করবে, সেটা ঠিক হতে সময় লাগবে আরও কিছুদিন।ক্রিকেটে ‘হক আই’ ব্যবহূত হয়ে আসছে বেশ কিছুদিন ধরে। ব্রিটিশ প্রযুক্তিবিদদের উদ্ভাবিত এই ‘হক আই’তে দুটি গোল পোস্টের দিকেই তাক করে স্থাপন করা হয়েছে সাতটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা। আর ডেনিস উদ্ভাবিত ‘গোল রেফ’-এর জন্য বলে ব্যবহূত হচ্ছে উচ্চ ক্ষমতার সেন্সর-সংযুক্ত কয়েল। ফিফা সভাপতি মনে করেন, ক্লাব বিশ্বকাপ শেষে সবাই বসে কোন প্রযুক্তিটি গ্রহণ করা হবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ক্লাব বিশ্বকাপে গোললাইন-প্রযুক্তির দুটি পদ্ধতি রেফারিদের স্বস্তি দিয়েছে বলে মনে করেন ব্ল্যাটার। তিনি বলেন, রেফারিরা এই দুই প্রযুক্তিতে খুশি; কারণ, তাঁরা জানেন, কোনো সমস্যার উদ্ভব হলে তাঁরা এই প্রযুক্তির আশ্রয় নিতে পারবেন। ব্ল্যাটার আরও বলেন, ‘ক্লাব বিশ্বকাপে ব্যবহূত দুটি পদ্ধতির যেকোনো একটি আমরা নেব। এর যেকোনো একটি আগামী বছরের কনফেডারেশন কাপে ব্যবহূত হবে, সেই সঙ্গে ব্যবহূত হবে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে।’ ২০০০ সাল থেকেই গোললাইন-প্রযুক্তির ব্যাপারে চিন্তাভাবনা করে আসছে ফিফা। ২০০৭ সালে কায়রোয় অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে এর একটি পরীক্ষামূলক প্রয়োগ হয়েছিল। কিন্তু সেটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ২০১০ সালের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জার্মানি-ইংল্যান্ড ম্যাচে ফ্রাংক ল্যাম্পার্ডের একটি শট জার্মান গোলরক্ষক নয়্যারকে ফাঁকি দিয়ে গোললাইনের ৭০ সেন্টিমিটার ভেতরে পড়লেও তা রেফারি ও লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায়। সারা বিশ্বের টেলিভিশন দর্শক অবাক বিস্ময়ে লক্ষ করে, একটি নিশ্চিত গোল কীভাবে কেবল রেফারির চোখ এড়িয়ে যাওয়ার জন্য বাতিল হয়ে গেল। এর পর থেকেই মূলত গোললাইন-প্রযুক্তির দাবি জোরালো হয়। ফিফাও গোললাইন-প্রযুক্তি গ্রহণের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়।ফিফার এই নীতিগত সিদ্ধান্তের বিরোধিতা করছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। তিনি গোললাইনের কোনো প্রযুক্তির বদলে ফুটবলে মানবিক দিকটি ধরে রাখার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তিনি মানবিক দিকটি ধরে রাখতেই প্রযুক্তির পরিবর্তে অতিরিক্ত লাইন্সম্যান নিয়োগের কথা বলেছেন। মিশেল প্লাতিনির ধারণা অনুযায়ী, গত জুন-জুলাইয়ে পোল্যান্ড-ইউক্রেনে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপে দুই গোলপোস্টে অতিরিক্ত দুজন লাইন্সম্যান দায়িত্ব পালন করেছিলেন। ইউরো চ্যাম্পিয়নশিপে অবশ্য ইংল্যান্ড ও ইউক্রেনের মধ্যকার ম্যাচে ইউক্রেনের একটি গোল রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় বাতিল ঘোষণা করা হয়েছিল। ওই ম্যাচে ইউক্রেন হেরে যাওয়ার পর ব্যাপারটি নিয়ে সমালোচনা ও বিতর্কের ঝড় ওঠে। রয়টার্স।