গোললাইন প্রযুক্তি ও হার্স্টের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ইতিহাসে ফাইনালের একমাত্র হ্যাটট্রিকটি তাঁর। তাঁর হ্যাটট্রিকেই ১৯৬৬ বিশ্বকাপ ফাইনালে জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। ওটাই ইংলিশদের একমাত্র বিশ্বকাপ জয়ের স্বাদ। হ্যাটট্রিক করে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর গর্বের সঙ্গে জিওফ হার্স্টকে তাড়িয়ে বেড়ায় একটা অস্বস্তিও। তাঁর দ্বিতীয় গোলটি গোললাইন পেরিয়েছিল কি না তা নিয়ে বিতর্ক গত পাঁচ দশকেও শেষ হয়নি। জার্মানরা তো উপলক্ষ পেলেই ইংলিশদের খোঁচা মেরে বসে। হার্স্টের আফসোস—ওই সময়ে যদি গোললাইন প্রযুক্তি ব্যবহার করা হতো, ওই বিতর্কটা উঠত না। গোললাইন প্রযুক্তি ঠিকই দেখাতো, বলটা গোললাইন পেরিয়ে এক ফুট দূরে গিয়েছিল।বিতর্ক এড়াতে ফিফা গত বছর ক্লাব বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে গোললাইন প্রযুক্তি ব্যবহার করে। তবে ব্রিটিশ ফুটবলে আনুষ্ঠানিকভাবে গোললাইন প্রযুক্তির ব্যবহার হলো গত রোববার, ম্যানচেস্টার ইউনাইটেড বনাম উইগান অ্যাথলেটিকের এফএ কমিউনিটি শিল্ডের ম্যাচে। যাতে ২-০ গোলে জিতে ইউনাইটেড ঘরে তুলেছে মৌসুম-সূচক শিরোপা। ৭১ বছর বয়সী হার্স্ট ইংলিশ প্রিমিয়ার লিগে গোললাইন প্রযুক্তি ব্যবহারের পক্ষে। এএফপি ও ওয়েবসাইট।