গোললাইন প্রযুক্তি নিয়ে খুশি ব্ল্যাটার
আজও যদি দুই বছর আগের ঘটনার পুনর্মঞ্চায়ন হয়, সেটি হবে নেহাত কাকতাল। এ রকম যদি ঘটেই, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড অন্তত নিশ্চিন্ত থাকতে পারেন! দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল জার্মানি। ল্যাম্পার্ডের শটে বল গোললাইন পেরোলেও অবিশ্বাস্যভাবে সেটা বাতিল করে দিয়েছিলেন রেফারি। এবার যদি রেফারি ভুলও করেন, প্রযুক্তি ভুল করবে না। ফিফা চলমান ক্লাব বিশ্বকাপেই হক-আই ও গোলরেফ নামের দুটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে। টয়োটায় সেমিফাইনাল পর্যন্ত হক-আই ব্যবহার করা হয়েছিল। ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্যবহূত হবে গোলরেফ।নিজে বঞ্চিত হয়েছেন, তাই ল্যাম্পার্ড এই প্রযুক্তিকে স্বাভাবিকভাবেই স্বাগত জানিয়েছেন, ‘আমি আপাতত পক্ষেই আছি। বিশেষ করে, যখন পরিষ্কার হলাম এটা অনেক সহজ ও দ্রুত একটা প্রযুক্তি। খেলায়ও খুব একটা সময় নষ্ট হবে না। আর এটা যদি খেলায় বিঘ্ন না ঘটায়, আর ক্রিকেটের মতো বাড়তি উত্তেজনা যোগ করে, তাহলে এটি কেন নয়?’ক্লাব বিশ্বকাপে পরীক্ষা করে দেখা হচ্ছে দুটি প্রযুক্তি। জাপানের এই টুর্নামেন্টে প্রযুক্তি দুটির কার্যকারিতা বিশ্লেষণ করে আগামী জুনের কনফেডারেশনস কাপ ও ২০১৪ বিশ্বকাপে একটিকে বেছে নেওয়া হবে। ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার বলছেন ভালোই কাজ করছে গোলরেফ ও হক-আই, ‘এখন পর্যন্ত এটুকু বলতে পারি, এটা কাজ করছে। এখনো অবশ্য এটা ব্যবহারের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। ফাইনালের পর আমরা আরও বিশ্লেষণ করে দেখব।’ রেফারিরাও নাকি এটা নিয়ে বেশ খুশি। এএফপি।