গোললাইন প্রযুক্তি পরীক্ষায় ফিফা
বিতর্কিত গোললাইন প্রযুক্তির পুনর্মূূল্যায়ন করতে যাচ্ছে ফিফা। এক সেট নতুন যন্ত্রপাতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর আগামী বছরের জুলাইয়ে এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। গত মঙ্গলবার জুরিখে ফিফা জানিয়েছে, এ বছরের সেপ্টেম্বর ও আগামী বছরের মার্চে দুই পর্যায়ে হবে এই পরীক্ষা। এ জন্য যন্ত্রপাতি নির্মাতাদের জানানো হয়েছে আমন্ত্রণ। আর এর যথার্থতা পরীক্ষা করবে একটি স্বাধীন টেকনিক্যাল ইনস্টিটিউট।এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘২০১২ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বিশেষ সভায় এই পরীক্ষার চূড়ান্ত ফলাফল উপস্থাপন করা হবে। দুই পর্যায়ে হতে যাওয়া এই পরীক্ষা হবে প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ও ফিফার আলোচনার মাধ্যমে নির্বাচিত স্টেডিয়ামে।’ফুটবলে প্রযুক্তির ব্যবহারে বরাবরই অনিচ্ছুক ফিফা এ নিয়ে কিছুটা নরম মনোভাব দেখাচ্ছে গত বিশ্বকাপের পর থেকেই। জার্মানির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইংল্যান্ডের ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের করা পরিষ্কার একটি গোল বিতর্কিতভাবে বাতিল হয়ে গিয়েছিল। এরপর ১০টি ভিন্ন গোললাইন প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হলেও কোনোটিকেই মানসম্মত মনে হয়নি আইএফএবির কাছে।প্রথম পর্যায়ের পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর ও ডিসেম্বরে, দিনের আলোয় এবং ফ্লাডলাইটে আলোয় আলাদাভাবে। বিশেষ একটি ব্রেসলেট থাকবে রেফারির হতে, যেটি সংকেত দেবে বল গোললাইন অতিক্রম করেছে কিনা। বিভিন্ন ধরনের শট নিয়ে পরীক্ষা হবে এটির। এরপর বাছাই করা কিছু যন্ত্রপাতি নিয়ে বিভিন্ন পরিবেশে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে আগামী বছরের মার্চ-জুনে। এএফপি।