গোললাইন প্রযুক্তিকে প্লাতিনির ‘না’
ফিফার সভাপতি সেপ ব্লাটার যা-ই বলুন না কেন, গোললাইন প্রযুক্তির ঘোর বিরোধী উফেফার প্রধান মিশেল প্লাতিনি। প্লাতিনির মতে, গোললাইন প্রযুক্তি যদি শেষ পর্যন্ত ফিফা প্রচলনও করে, তবে তা হবে এক ‘ঐতিহাসিক ভুল’।সাম্প্রতিক সময়ে গোললাইন প্রযুক্তি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। ইংল্যান্ডসহ ফুটবল বিশ্বের প্রভাবশালী বেশ কয়েকটি দেশ গোললাইন প্রযুক্তির পক্ষে নিজেদের অবস্থান জোরাল করেছে। ফিফার সভাপতি সেপ ব্ল্যাটারও ফুটবলে প্রযুক্তি ব্যবহারের পক্ষে। কিন্তু মিশেল প্লাতিনি মনে করেন, গোললাইন প্রযুক্তি প্রচলিত হলে নানামুখী সমস্যার উদ্ভব হবে, যা ক্ষতিকর হবে ফুটবলের জন্যই। ফুটবল খেলায় বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে সে কারণেই মনুষ্য চোখেই অগাধ আস্থা তাঁর।উয়েফা প্রধান হিসেবে মিশেল প্লাতিনিকে এই মুহূর্তে সেপ ব্ল্যাটারের অন্যতম উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে। ব্যাপারটি নিয়েও শুরু হয়েছে আলোচনা। নিজে ফিফার সভাপতি হলেও এই গোললাইন প্রযুক্তির ঘোর বিরোধিতাই তিনি করবেন বলে জানিয়েছেন।ইংল্যান্ডের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে প্লাতিনি বলেছেন, গোললাইন প্রযুক্তির পক্ষে থেকে ইংল্যান্ড ভুল করছে। এই পদ্ধতিটি প্রয়োগ করলে ফিফাও ঐতিহাসিক ভুল করবে।তিনি বলেন, ‘আমি ফিফার কেউ নই। জানি না কোনো দিন ফিফার প্রধান হব কি না, তবে ফিফার প্রধান হলেও আমি এই গোললাইন পদ্ধতির বিরোধিতাই করে যাব।’প্লাতিনির মতে, গোললাইন প্রযুক্তির সবচেয়ে বাজে ব্যাপার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবারের ইউরোর ইউক্রেন-ইংল্যান্ড ম্যাচ। যে গোলটি নিয়ে ইউক্রেন গলা ফাটাচ্ছে, সেটা যে অফসাইড ছিল, তা টেলিভিশন রি-প্লেতে স্পষ্টই বোঝা গেছে। সত্যি সত্যিই যদি ফিফা গোললাইন প্রযুক্তির প্রচলন ঘটায়, তাহলে তা বিতর্ক না কমিয়ে আরও বাড়িয়ে দেবে।‘একবার ভেবে দেখুন তো। বল গোললাইন অতিক্রম করেছে কি না, তা পরীক্ষা করতে গিয়ে দেখলেন, গোলের উত্সমুখই অফসাইড ছিল। তাহলে তো বিতর্ক আরও বাড়বে।’ প্লাতিনির মন্তব্য।উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে রেফারি ও দুই লাইন্সম্যানের পাশাপাশি দুই গোল পোস্টের পাশে আরও দুই রেফারিকে ব্যবহার করছে। এই পদ্ধতি ভালোই কাজ দিচ্ছে বলে মনে করেন প্লাতিনি। তিনি বলেন, ‘মানুষের ওপর আস্থা রাখতেই আমি বেশি পছন্দ করি। তিন বছর ধরে চ্যাম্পিয়নস লিগে এই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই রেফারিরা সঠিক সিদ্ধান্ত দিয়েছেন।’প্লাতিনির শেষ কথা, যদি একটি খেলায় পেনাল্টি, ফাউলের মতো অসংখ্য সিদ্ধান্ত রেফারি সঠিকভাবে নিতে পারেন, তাহলে বল গোললাইন অতিক্রম করেছে কি না, সেই সিদ্ধান্তও নিতে পারবেন। এ ক্ষেত্রে প্রযুক্তির অযথা প্রয়োগের কোনো দরকার আছে বলে মনে করি না।’ ওয়েবসাইট।