গোললাইন প্রযুক্তির অভিষেক

হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপের শুরুটা ভালোভাবেই করেছে ফ্রান্স। ২০০৬ সালের সেমিফাইনালের পর বিশ্বকাপের মঞ্চে এটাই ছিল ফরাসিদের প্রথম জয়। গত বিশ্বকাপের দুঃসহ স্মৃতি ভোলার জন্য জয়টা নিশ্চিতভাবেই খুব জরুরি ছিল বেনজেমাদের জন্য। তবে এসব কিছুর বাইরেও খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা গতকাল ঘটেছে ফ্রান্স-হন্ডুরাসের ম্যাচে। যা দিয়ে বিশ্বকাপের ইতিহাসে স্থায়ী আসন গড়ে নিয়েছে এই দুই দল।
বিশ্বকাপে প্রথমবারের মতো গোললাইন প্রযুক্তির সহায়তায় গোল নির্ধারণ হয়েছে ফ্রান্স-হন্ডুরাসের ম্যাচে। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেনজেমার একটি জোরালো শট আঘাত হেনেছিল হন্ডুরাসের গোলপোস্টে। ফিরতি বলটা ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি হন্ডুরাসের গোলরক্ষক নোয়েল ভায়াদারেস। বলটা ঠিকই অতিক্রম করেছিল গোললাইন। আধুনিক প্রযুক্তির আশ্রয় না নিলে হয়তো সেই পুরোনো বিতর্কই ফিরে আসত। কিন্তু গতকাল গোললাইন প্রযুক্তির কল্যানে এড়ানো গেছে সেই বিতর্ক। গোলবঞ্চিত হতে হয়নি ফ্রান্সকে।
রিপ্লেতে পরিস্কারভাবেই দেখা গেছে যে, ভায়াদারেসের হাত ছুঁয়ে বলটা গোললাইন অতিক্রম করেছে। তারপরও এই গোলের তীব্র বিরোধীতা করতে দেখা গেছে হন্ডুরাসের কোচ লুইস ফার্নান্দো সুয়ারেজকে।
গোলটা অবশ্য বেনজেমার খাতায় যোগ হয়নি। ভায়াদারেসের আত্মঘাতী গোল হিসেবেই চিহ্নিত হয়েছে। গোলরক্ষকের আত্মঘাতী গোলের ঘটনা বিশ্বকাপের ইতিহাসে ঘটেছে দ্বিতীয়বারের মতো। এর আগে ১৯৯৮ সালে নিজেদের জালেই বল জড়িয়েছিলেন স্পেনের গোলরক্ষক আনডোনি জুবিজারেতা। এএফপি